ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এটা দক্ষিণ আফ্রিকার মাটিতে যেকোনো ফরম্যাটেই বাংলাদেশের প্রথম জয়। দাপুটে এই জয়ে টাইগারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। স্বভাবতই অধিনায়ক তামিম ইকবাল এখন সিরিজ জয়েরও স্বপ্ন দেখছেন।

 

আজ সেঞ্চুরিয়নে ঐতিহাসিক জয় তুলে নেয়ার পর ম্যাচ প্রেজেন্টেশনে তামিম বলেন, আমরা সিরিজও জিততে পারি। আমাদের প্রতিটি সুযোগ লুফে নিতে হবে। তবে তারা কিন্তু শক্তভাবে ফিরে আসবে।

 

পুরো দলকেই কৃতিত্ব দিলেন তামিম। তার কথায়, আমাদের জন্য এটা অনেক বড় জয়। দলটি যেভাবে খেলেছে তাতে আমরা অত্যন্ত গর্বিত। ইয়াসিরের ইনিংসটি খুবই স্পেশাল। এছাড়া ব্যাট হাতে মেহেদী ও মাহমুদউল্লাহর রান, সবই মূল্যবান অবদান রেখেছে। তবে আমাদের ফাস্ট বোলাররা যে ভালো করছে এবং দলকে জেতাচ্ছে এটা আমাদের জন্য বিরাট অর্জন। গত দুই বছর ধরেই ফাস্ট বোলাররা ভালো করে এসেছে।  

 

তিনি আরো বলেন, আপনার দলে মেহেদীর মতো কাউকে লাগে। চার ওভারে ৪০ রান দিয়েও সে এগিয়ে এসে বলল, আমাকে বল দাও, আমি পাল্টে দেব। এটা সব সময় কাজ করে না হয়তো, তবে আমি তার পারফরম্যান্সে খুশি।

 

ম্যাচসেরা সাকিব আল হাসান বললেন, ৭-৮ বল থাকার পরই আমি বুঝে যাই, এটা ভালো উইকেট। আমাদের ৩০০ করতে হবে। লিটন ও তামিমের মাধ্যমে আমরা ভালো একটা সূচনাও পেয়ে যাই। ইয়াসির অনেক ভালো ব্যাট করেছে। তার ও আমার পার্টনারশিপটা অনেক গুরুত্বপূর্ণ। তাকে অনেক কৃতিত্ব দেব।

 

এদিকে প্রোটিয়া দলনায়ক তেম্বা বাভুমা বোলারদের পারফরম্যান্সে নাখোশ। তিনি বললেন, শেষ ২০ ওভারে ১৮০ রান খরচ মেনে নেয়া যায় না। ২৭০-২৮০ রান হলে কিন্তু আমরা ভালোভাবেই চেজ করতে পারতাম। অতিরিক্ত ৪০ রানই ব্যবধান গড়ে দিয়েছে। যখন আপনি ৩০০ তাড়া করবেন তখন কাউকে সেঞ্চুরি পেতে হবে এবং কাউকে তাকে সাপোর্ট করে যেতে হবে।