রোমঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে উয়েফা সুপার কাপ জিতেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। উয়েফা সুপার কাপে প্রথমবার অংশ নিয়েই ট্রফি জয়ের স্বাদ পেল গত মৌসুমে ট্রেবল জয়ী ইংলিশ ক্লাবটি।
এথেন্সে বুধবার রাতে হওয়া খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময়ের খেলা না হয়ে সরাসরি ম্যাচ টাইব্রেকারে গড়ায়। তাতে আসরটিতে প্রথমবার অংশ নিয়েই শেষ হাসি হেসেছে পেপ গার্দিওলার দল।
ম্যাচের ২৫ মিনিটে মার্কোস আকুনার ক্রসে বল পেয়ে হেডে লক্ষ্যভেদ করে সেভিয়াকে এগিয়ে দেন মরক্কোর ফরোয়ার্ড ইউসেফ এন-নেসিরি।
সমতায় ফিরতে ইংলিশ জায়ান্টদের ৬৩ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। রদ্রির অ্যাসিস্টে বল নিয়ে হেডে বল জালে জড়ান কোল পালমার।
টাইব্রেকারে প্রথম চার শটেই দুই দল জালের দেখা পায়। পঞ্চম শটে কাইল ওয়াকার বল জালে জড়ান। তবে নেমাঞ্জা গুদেলজের শট ক্রসবারে লেগে ফিরলে উয়েফা সুপার কাপ জয়ের উল্লাসে মাতে ম্যানসিটি।










