বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এডিডাসের সঙ্গে পার্টনারশিপ ১০ বছরের জন্য বাড়াল ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এই চুক্তির অর্থমূল্য ৯০ কোটি পাউন্ড।

 

জার্মান কোম্পানির সঙ্গে ম্যানইউর নতুন চুক্তি শেষ হবে ২০৩৫ সালে। আগের ১০ বছরের চুক্তিতে ম্যানইউ পেয়েছে ৭৫ কোটি পাউন্ড।

 

আমেরিকান মালিক গ্লেজার পরিবার ম্যানইউর কর্তৃত্ব ছেড়ে দিচ্ছে। একাধিক আগ্রহী প্রার্থীর সঙ্গে কথা বলছে গ্লেজার পরিবার।

 

ম্যানইউর প্রধান নির্বাহী রিচার্ড আর্নল্ড বলেন, ‘ম্যানইউর সঙ্গে এডিডাসের সম্পর্ক ক্রীড়া দুনিয়ায় অন্যতম সেরা, আইকনিক। সম্পর্কের সূচনা সেই আশির দশকে। স্পোর্টসওয়্যারে নতুন নতুন ডিজাইন যেমন এসেছে তেমনি লেগেছে প্রযুক্তির ছোঁয়াও। এ কারণে গত দশকে এই সম্পর্কটির নতুন যাত্রা হয়।’

 

১৯৮০ থেকে ১৯৯২ পর্যন্ত ইংলিশ ক্লাবকে স্পোর্টস কিট সরবরাহ করতো ম্যানইউ। ২৩ বছরের বিরতি দিয়ে ২০১৫ সালে ফিরে আসে তারা। নতুন করে জুটি বাধে এডিডাস ও ম্যানইউ। সেটি এখন নবায়ন হলো আরো ১০ বছরের জন্য। ম্যানইউ জানিয়েছে, নতুন এই চুক্তিতে ন্যূনতম ৯০ কোটি পাউন্ড ক্যাশ গ্যারান্টি রয়েছে তাদের জন্য।

 

ম্যানইউর সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদন বলছে, এডিডাসের সঙ্গে ম্যানইউর মূল চুক্তিতে এটা বলা আছে যে, চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের হিসেবে প্রতি বছর পেমেন্ট পরিশোধ করবে জার্মান কোম্পানিটি। টানা দুই বছর চ্যাম্পিয়ন্স লিগে অনুপস্থিত থাকলে পেমেন্ট ৩০ শতাংশ কমে যাবে।

 

তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীরা ২০২৩-২৪ মৌসুমে ইউরোপের শীর্ষ লিগে ফিরছে। ২০২২-২৩ মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেনি। যদিও চ্যাম্পিয়ন্স লিগে না খেলেও গত মৌসুমে রেকর্ড আয় করার কথা জানিয়েছে রেড ডেভিলরা। নতুন চুক্তি পরবর্তী মৌসুমগুলোতে তাদের আয় আরো বাড়িয়ে দেবে।