ক্যারিয়ারের মূল্যবান সময় পার করছেন করিম বেনজেমা। উয়েফা চ্যাম্পিয়নস লিগে তার হ্যাটট্রিকে পিএসজিকে ৩-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। এবার লা লিগার ম্যাচে মাঠে নেমেই করলেন জোড়া গোল। গতকাল বেনজেমার জোড়া গোলে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল। একটি গোল করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিউস জুনিয়র। এ জয়ে লিগে শীর্ষস্থান মজবুত করল কার্লো আনচেলত্তি শিষ্যরা।
মায়োর্কার মাঠে প্রথামার্ধ শেষ হয় গোলশূন্যয়। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে গোলের দেখা পায় রিয়াল। বেনজেমা বল ধরে বাঁ দিকে ভিনিসিউসকে খুঁজে নেন। বিনা বাধায় নিচু শটে গোলরক্ষকের পায়ের ফাঁক গলে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান। ম্যাচের ৭৭ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। ডি-বক্সে ভিনিসিউস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। পাঁচ মিনিট পরই বদলি ডিফেন্ডার মার্সেলোর ক্রসে দারুণ হেডে দলের শেষ গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।
২৮ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৬৬। সমান ম্যাচে দুইয়ে থাকা সেভিয়ার পয়েন্ট ৫৬।










