এশিয়া কাপ ও বিশ্বকাপ
সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার শুরু হবে জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি।
কানাডা, জিম্বাবুয়ে ও শ্রীলংকায় টি২০ ও টি১০ লিগ খেলা সাকিব আল হাসান, মুশফিকুর রহিম,
তাসকিন আহমেদ, লিটন দাস, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলাম, আফিফ হোসেনকে ছাড়াই শুরু হচ্ছে
জাতীয় দলের প্রস্তুতির প্রথম পর্ব।
সবার শারীরিক অবস্থা পরখ
করতে অনুশীলনের শুরুতে থাকছে ফিটনেস ট্রেনিং। এই ফিটনেস ট্রেনিং পর্যবেক্ষণ করবেন নির্বাচকরা।
এখান থেকে কিছু ক্রিকেটার কমিয়ে এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করবেন তারা। এশিয়া
কাপের দলটিই বিশ্বকাপে অপরিবর্তিত রাখা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড
(বিসিবি) বিসিবি সভাপতি নাজমুল হাসান।
আজ সংবাদমাধ্যমের মুখোমুখি
হয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল
(সোমবার)। বৃহস্পতিবার ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাচ্ছি, ক্রিকেটারদের ফিটনেস
এখন কোন পর্যায়ে আছে। তাদের স্ট্যান্ডার্ডটা দেখার জন্য (ইয়ো ইয়ো টেস্ট)। আমরা প্রায়
৩২ জন খেলোয়াড় তৈরি করেছি। ওরা এসে ইয়ো ইয়ো টেস্ট দিয়ে যাবে।’
জানা গেছে, বোর্ডের কেন্দ্রীয়
চুক্তিবদ্ধ ক্রিকেটাররা ছাড়াও বাংলা টাইগার্স ও হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট থেকে
বাছাইকৃত ক্রিকেটাররা ফিটনেস টেস্ট দেবেন। সেখান থেকে কিছু ক্রিকেটার কমিয়ে পরে ৮ আগস্ট
শুরু হবে এশিয়া কাপের স্কিল ট্রেনিং।
৩০ আগস্ট শ্রীলংকা ও পাকিস্তানে
শুরু হবে এশিয়া কাপ। আর ভারতের মাঠে বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর।










