ইংল্যান্ড টেস্ট দলের নতুন অধিনায়ক হলেন বেন
স্টোকস। ইংল্যান্ড ক্রিকেটের (ইসিবি) নতুন ব্যবস্থাপনা পরিচালক রব-কি স্টোকসের নিয়োগের বিষয়ে সুপারিশ করেছিলেন। গত
মঙ্গলবার ইসিবি তা অনুমোদন দেয়। আজ এলো আনুষ্ঠানিক ঘোষণা ।
ইংল্যান্ডের ৮১তম টেস্ট অধিনায়ক হলেন স্টোকস। এর আগে অবশ্য
ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্টে দায়িত্ব পালন
করেছিলেন এই অলরাউন্ডার। ২০২০ সালের ওই টেস্টে পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন জো রুট।
রব-কি বলেন, স্টোকসের কাছে টেস্ট অধিনায়কের দায়িত্ব দিতে
আমার কোনো দ্বিধা ছিল না। তার মানসিকতা ও পদ্ধতির প্রতিফলন করে দলকে লাল বলের
ক্রিকেটে পরবর্তী যুগে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা। আমি আনন্দিত যে, সে গ্রহণ করেছে এবং অতিরিক্ত দায়িত্ব এবং
সম্মানের জন্য প্রস্তুত। সে পুরোপুরি সুযোগের যোগ্য।
অধিনায়কত্ব পেয়ে স্টোকস বলেছেন, ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্বদানের সুযোগ পেয়ে
গর্বিত। এটি সত্যিই অনেক সম্মানের। আগামী গ্রীষ্মে দলকে এগিয়ে নেয়ার জন্য
রোমাঞ্চিত আমি।
সাবেক অধিনায়ক জো রুটকে ধন্যবাদ জানিয়ে তিনি
বলেন, ইংল্যান্ড ক্রিকেটের জন্য জো রুট যা করেছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। খেলাটির জন্য সে দারুণ
একজন প্রতিনিধি। নেতা হিসেবে গড়ে ওঠার পথে সে আমাকে সব সময় অনেক সহায়তা করেছে।
২০১৩ সালের ডিসেম্বরে টেস্ট অভিষেক হয় স্টোকসের।
২০১৭ সালের শুরুতে টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে
দায়িত্ব দেয়া হয় তাকে। এখন পর্যন্ত ৭৯ টেস্ট খেলে ৫০৬১ রানের পাশাপাশি ১৭৪ উইকেট
নিয়েছেন সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার।
তবে খুবই কঠিন সময়ে দলের দায়িত্ব কাঁধে নিলেন
স্টোকস। সবশেষ ১৭ টেস্টের মধ্যে মাত্র একটিতে জিতেছে ইংল্যান্ড। ইতিহাসে
প্রথমবারের মতো টানা পাঁচ সিরিজের একটিও জিততে পারেনি তারা। বিশ্ব টেস্ট
চ্যাম্পিয়নশিপেও সবার নিচে রয়েছে ইংলিশরা। ক্রিকইনফো










