তিন বছর আগে পপ স্টার নিক জোনাসের কাছ থেকে ৬৯ লাখ ডলারে বেভারলি হিলসে একটি বাড়ি কিনেছিলেন টেনিস স্টার নাওমি ওসাকা। সম্প্রতি ৮৭ লাখ ডলারে বাড়িটি তিনি বিক্রি করে দেন টেক জায়ান্ট ৩৭ বছর বয়সী মিলুন টিসোভিচের কাছে। বাড়িটি কিনে ফের বিক্রি করে বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৯ কোটি টাকা লাভ করেছেন ওসাকা! আধুনিকতার ছোঁয়া থাকলেও ৩ বেডরুম ও ৩ বাথরুমের বাড়িটি মূলত তৈরি করা হয় ১৯৬৫ সালে।

বসনিয়ান বংশোদ্ভূত খরুচে টিসোভিচের বাড়ি কেনা অবশ্য এই প্রথম নয়। উবারের সহপ্রতিষ্ঠাতা গ্যারেট ক্যাম্পের এই সহযোগী দুই বছর আগে নাইল নাওমির কাছ থেকে ৯৬ লাখ ডলারে হলিউড হিলসে প্রাসাদপ্রতিম একটি বাড়ি কেনেন। স্কুটার ব্রাউনের কাছ থেকে কেনা সেই বাড়িটি এখন অবশ্য ভাড়া দেয়া হচ্ছে, যার মাসিক ভাড়া ৮৫ হাজার ডলার।

বেভারলি হিলসের বাড়ি বিক্রি করে সান ফার্নান্দো উপত্যকার নতুন একটি বাড়িতে উঠেছেন ২৪ বছর বয়সী ওসাকা, যেটি তিনি কিনেছিলেন ৬৩ লাখ ডলারে।

গত কয়েক বছরে টেনিস তারকাদের মধ্যে আয়ে অন্যতম শীর্ষ নাওমি ওসাকা। গত এক বছরে তিনি ৫৩ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেন। প্রাইজমানি ছাড়াও তার আয়ের সিংহভাগ এসেছে বিভিন্ন এনডোর্সমেন্ট থেকে। লুইস ভুইটন, নাইকি, লেভিস, গুগল ও সুইটারগ্রিনের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের সঙ্গে স্পন্সর চুক্তি থেকে তিনি কোটি কোটি ডলার আয় করেন।

২০১৮ সালে ইউএস ওপেন ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারানোর পরই মূলত খ্যাতি লাভ করেন জাপানি মা ও হাইতিয়ান বাবার সন্তান ওসাকা। এরপর আরো তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপা জয় করেন তিনি। এছাড়া ট্যুর টেনিস খেলেও প্রচুর অর্থ উপার্জন করেন এই লাস্যময়ী।  

ডার্ট, ইনসাইডার