আগামী মাসের শুরুর দিকে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় এই সিরিজটা বাংলাদেশ গুরুত্বের সঙ্গেই নিচ্ছে। যদিও এরই মধ্যে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে টাইগারদের। এরপরও আইরিশদের বিপক্ষে জিততে চায় লাল-সবুজরা। পূর্ণ শক্তির দল মাঠে নামাবে বাংলাদেশ। ইংলিশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিলেটে তিনদিনের প্রস্তুতি ক্যাম্পও করবে টাইগাররা। এই ক্যাম্পে অংশ নিতে আজ বুধবার সন্ধ্যায় সিলেট যাচ্ছেন তামিম ও তার সতীর্থরা।

 

অনুশীলন ক্যাম্পে থাকছেন না দলের তিন তারকা সাকিব আল হাসান, লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান। সাকিব সিরিজের আগ পর্যন্ত ছুটি নিয়েছেন বোর্ডের কাছ থেকে। তিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন, সেখানে স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটবে তার। লিটন ও মুস্তাফিজ রয়েছেন আইপিএলে নিজ নিজ দলের সঙ্গে। সেখান থেকেই তারা ইংল্যান্ড যাবেন। সাকিব সরাসরি যুক্তরাষ্ট্র থেকে সিরিজের আগে ইংল্যান্ডের চেমসফোর্ডে দলের সঙ্গে যোগ দেবেন।

 

এসব কারণেই বাংলাদেশ দল একসঙ্গে ইংল্যান্ড যাচ্ছে না। দল দুই ভাগে ভাগ হয়ে যাবে, যার বড় অংশটি যাবে ৩০ এপ্রিল দিবাগত রাতে। আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে যথাক্রমে ৯, ১২ ও ১৪ মে। ৫ মে বাংলাদেশ দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। জানা গেছে, প্রস্তুতি ম্যাচ খেলবেন সাকিব।

 

চেমসফোর্ডের বাউন্সি উইকেটের কথা মাথায় রেখেই সিলেটে প্রস্তুতি ক্যাম্প করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কেননা চেমসফোর্ডের সঙ্গে সিলেটের কন্ডিশনের খানিকটা মিল রয়েছে।

 

উল্লেখ্য, মার্চ-এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করে আইরিশরা। এতে ওয়ানডে, টি২০ সিরিজ জয়ের পর একমাত্র টেস্টও জিতেছে বাংলাদেশ।