পরিবারে ‘জরুরি মেডিক্যাল এমার্জেন্সি’র কারণ দেখিয়ে হঠাৎই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে দেশে ফিরে এসেছেন
লিটন কুমার দাস। আজ শুক্রবার সকালে কলকাতা থেকে
দেশে এসেছেন তিনি। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আজ এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে।
কেকেআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরিবারের মেডিক্যাল ইমার্জেন্সির কারণে
আজ (শুক্রবার) সকালে বাংলাদেশে ফিরে গেছেন লিটন দাস। কঠিন সময়ে তার ও তার পরিবারের
সঙ্গে সবসময় আমাদের শুভকামনা থাকবে।’
ইংল্যান্ডের চেমসফোর্ডে মে মাসের শুরুর দিকে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ
ক্রিকেট দল। এই সিরিজ সামনে রেখে ৩০ এপ্রিল ইংল্যান্ড যাবে বাংলাদেশ দলের একাংশ।
পরে তাদের সঙ্গে যোগ দেবেন বাকিরা। লিটন ও মুস্তাফিজের ভারত থেকে সরাসরি
ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল। যদিও পারিবারিক কারণে লিটন দেশে ফিরেছেন। যদিও ৪/৫ দিন
পর তাকে এমনিতেই কেকেআর ছাড়তে হতো। প্রশ্ন উঠছে, লিটন এই ক’দিনের জন্য কেকেআরে আর
ফিরবেন? যদি না ফেরেন, তবে তার এবারের আইপিএল মিশন শেষই হয়ে গেল।
এবারই প্রথম আইপিএলে ডাক পান বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান লিটন দাস। কলকাতা
দলে নেয় তাকে। যদিও প্রথম মিশনটা মোটেও শুভ হলো না। আয়ারল্যান্ডের সঙ্গে মিরপুরে
একমাত্র টেস্ট শেষ করে গত ৯ এপ্রিল ভারতে যান লিটন। প্রথম দুই ম্যাচ বেঞ্চে বসে
কাটাতো হয় তাকে। প্রতীক্ষার অবসান ঘটে ২০ এপ্রিল। সেদিন মুস্তাফিজুর রহমানের দিল্লি
ক্যাপিট্যালসের বিপক্ষে আইপিএল অভিষেক হয় তার।
অভিষেক ম্যাচে ওপেন করতে নামার সুযোগ মেলে লিটনের। যদিও সুযোগটা তিনি কাজে
লাগাতে ব্যর্থ হন। প্রথম বলেই পয়েন্ট অঞ্চল দিয়ে দর্শনীয় একটি বাউন্ডারি মেরে
সূচনা করেন। সেই চারের পর ব্যাটে আর রান পাননি। চার বলে চার রানে শেষ হয় তার
অভিষেক ইনিংস। পরে কিপিংয়েও দুটি স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন তিনি।
ব্যাট ও গ্লাভস হাতে ব্যর্থ হওয়ায় পরের ম্যাচে বাদ পড়েন লিটন। তাকে ছাড়া দুই
ম্যাচ খেলে একটিতে হারলেও অন্যটিতে জিতেছে কলকাতা। চেন্নাইয়ের কাছে ৪৯ রানে হারের
পর বেঙ্গালুরুকে ২১ রানে হারায় নিতিশ রানার দল।
১০ দলের এই আসরে এ মুহূর্তে পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে কলকাতা। আট
ম্যাচে তারা জিতেছে মাত্র তিনটি, হার পাঁচটি। তাদের নিচে শুধু সানরাইজার্স ও
দিল্লি। আগামীকাল শনিবার ইডেন গার্ডেনে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের হবে
কলকাতা।










