বার্মিংহাম কমনওয়েলথ গেমসে রোববার অ্যাথলেটিকসের শেষ দিন নাটকীয়ভাবে ৪০০ মিটার রিলের স্বর্ণ হারিয়েছে ইংল্যান্ডের মেয়েরা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রথমে তাদের বিজয়ী ঘোষণা করা হলেও পরবর্তীতে কর্মকর্তা দেখতে পান, লেন আইন ভেঙে ইংল্যান্ডের দুই অ্যাথলেট ব্যাটন হাতবদলের সময় দুই লেনে অবস্থান করছিলেন। এই ভুলে ইংল্যান্ডের মেয়েদের ডিসকোয়ালিফাইড ঘোষণা করে রৌপ্যজয়ী কানাডাকেই বিজয়ী ঘোষণা করা হয়। তাতে তৃতীয় হওয়া জ্যামাইকা পেয়েছে রৌপ্য আর চতুর্থ স্থানে থাকা স্কটল্যান্ড ব্রোঞ্জ পেয়েছে অপ্রত্যাশিতভাবে।
ইংল্যান্ডের মেয়েরা সময় নেন ৩ মিনিট ২৫.৮৩ সেকেন্ড, কানাডা ৩ মিনিট ২৫.৮৪ সেকেন্ড আর জ্যামাইকা ৩ মিনিট ২৬.৯৩ সেকেন্ড সময় নেয়।
শেষ ল্যাপে কানাডার কাইরা কনস্ট্যানটাইনের চেয়ে বেশ এগিয়ে ছিলেন ইংল্যান্ডের অ্যাংকর জেসি নাইট। যদিও শেষ মুহূর্তে ঝড়ের গতিতে নাইটকে প্রায় টপকেই যাচ্ছিলেন কাইরা। নাইট স্নায়ু শক্ত রেখে শেষ পর্যন্ত ফিনিশিং লাইন অতিক্রম করতে সমর্থ হন। ফটো ফিনিশিং শেষে এক সেকেন্ডের একশ ভাগের এক ভাগ কম সময় নিয়ে তিনি হারান কাইরাকে।
কিছু সময় অপেক্ষার পর ইংল্যান্ডের নারীরা বিজয় উত্সব করতে শুরু করেন। যদিও স্বাগতিক নারীদের এই আনন্দ বেশিক্ষণ থাকেনি। বিচারকরা পরবর্তীতে ভিডিও বিশ্লেষণ করে দেখতে পান, ব্যাটন বদলের সময় ইংল্যান্ডে জোডি উইলিয়ামসের পা অন্য লাইনে চলে যায়।
ছেলেদের বর্ষা নিক্ষেপে স্বর্ণ জিতেছেন পাকিস্তানের আরশাদ নাদিম। তিনি ৯০.১৮ মিটার দূরে বর্ষা নিক্ষেপ করে চ্যাম্পিয়ন হন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স নিজের শেষ চেষ্টায় ৮৮.৬৪ মিটার দূরে বর্ষা নিক্ষেপ করে আরশাদকে টপকে লড়াই জমিয়ে দিয়েছিলেন। যদিও পাকিস্তানি তারকা পঞ্চম প্রচেষ্টায় প্রথম দক্ষিণ এশিয়ান অ্যাথলিট হিসেবে ৯০ মিটারের বেশি দূরে বর্ষা নিক্ষেপ করার কৃতিত্ব দেখিয়ে স্বর্ণ জয় নিশ্চিত করেন। এটা কমনওয়েলথ গেমসের রেকর্ড। কেনিয়ার জুলিয়াস ইয়েগো ৮২.৬১ মিটার স্কোর নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।
এদিন নারী হকির স্বর্ণ জিতেছে ইংল্যান্ড। ফাইনালে তারা ২-১ গোলে অস্ট্রেলিয়াকে হারায়। টি২০ ক্রিকেটের স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া, ফাইনালে তারা ভারতকে হারায়। মেয়েদের ১৫০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতেছেন স্কটল্যান্ডের লরা মুইর। তিনি সময় নেন চার মিনিট ২.৭৬ সেকেন্ড। এর আগে ৮০০ মিটারে ব্রোঞ্জ জয় করেন তিনি।
আজ বার্মিংহাম গেমসের শেষ দিন ১২টি পদকের নিষ্পত্তি হবে। ব্যাডমিন্টন, ডাইভিং, পুরুষ হকি ফাইনাল, টেবিল টেনিস ইভেন্ট দিয়ে শেষ হবে এবারের আসর। হকির ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। তার আগে ব্রোঞ্জ ম্যাচে লড়বে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
ইংল্যান্ডের স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিট) আলেক্সান্ডার স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠান শুরু হবে, যার মধ্য দিয়ে পর্দা নামবে বার্মিংহাম কমনওয়েলথ গেমসের। অপেক্ষা ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের, যা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায়।
গতকাল রাতের লড়াই শেষে ৬৬টি স্বর্ণসহ ১৭৪টি পদক জিতে টেবিলের শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। ৫৫টি স্বর্ণসহ ১৬৬টি পদক নিয়ে দুইয়ে ইংল্যান্ড। এছাড়া কানাডা ২৬টি, নিউজিল্যান্ড ১৯টি ও ভারত ১৮টি স্বর্ণ জয় করেছে। ভারতের মোট পদক ৫৫টি।










