ইউক্রেনে রাশিয়ার হামলায় অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পাশের দেশগুলোয় আশ্রয় নিয়েছে অসংখ্য মানুষ। ইউক্রেনীয় এই শরণার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। গতকাল ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইটে রিয়াল ঘোষণা দিয়েছে, এ শরণার্থীদের সাহায্যের জন্য ১ মিলিয়ন ইউরো অনুদান দেবে তারা।

 

‘ইউক্রেনের পাশে সবাই’ ক্যাম্পেইনের অংশ হিসেবে এই অর্থ দিচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। গত ৫ মার্চ রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন এই ক্যাম্পেইন শুরু করে। সেই ক্যাম্পেইন থেকেই এলো অর্থ সহায়তার ঘোষণা।

 

বেশ কয়েকটি আন্তর্জাতিক সহায়তা সংস্থার (এনজিও) সঙ্গে কাজ করে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন। বর্তমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে সংস্থাটি স্প্যানিশ রেড ক্রস, জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং স্পেনের কয়েকটি এনজিওর সঙ্গে সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

 

এরই মধ্যে স্প্যানিশ রেড ক্রস ইউক্রেনে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা দেশ ছেড়ে আসা ইউক্রেনীয়দের স্বাগত জানাচ্ছে এবং মানবিক সহায়তা দিচ্ছে। সেই সঙ্গে শরণার্থী শিশুদের জন্য রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে খেলাধুলা ও বিনোদন সামগ্রী সরবরাহ করা হচ্ছে। 

 

ইউএনএইচসিআর ইউক্রেনের একদম কেন্দ্রস্থলে নিরাপত্তার আশায় অবস্থান নেয়া ৭০০ ইউক্রেনীয়র জন্য বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীর বন্দোবস্ত করেছে। এছাড়া আরো কয়েকটি স্প্যানিশ এনজিও পোল্যান্ডের সীমান্তে মানবিক সহায়তা দিচ্ছে। রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন সেখানে কাপড় ও শিক্ষা উপকরণের জন্য অর্থ অনুদান দিচ্ছে। এছাড়া এই ফাউন্ডেশন একটি এনজিওর সহায়তায় ২০১৮ সাল থেকে ইউক্রেনে ৭টি স্কুল পরিচালনা করছে। এই স্কুলগুলোর শিক্ষার্থীদের নিরাপদে ইউক্রেন ত্যাগের ব্যবস্থাও করবে তারা।

 

রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন সেসাল লিওপোলিস এলাকায় এবং পোলিশ সীমান্তে দুর্বল পরিবারগুলোকে জরুরী সহায়তা প্রদান করছে। সেসালে শরণার্থীদের মধ্যে ১৩ হাজারের বেশি বিভিন্ন ধরনের পোশাক বিতরণ করেছে।

মার্কা, রিয়াল মাদ্রিদ সিএফ