ভারত সফরে টি২০ সিরিজে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকার সামনে ওয়ানডে সিরিজ জিতে নেয়ার সুযোগ এসেছে। আজ রাচিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি জিতলেই সিরিজ নিশ্চিত হবে তাদের। সেক্ষেত্রে তৃতীয় ম্যাচটি রূপ নেবে শুধুই আনুষ্ঠানিকতায়। খেলা শুরু হবে বেলা ২টায়।

গত বৃহস্পতিবার লক্ষেৗতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারতকে ৯ রানে হারায় প্রোটিয়ারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি কেটে ৪০ ওভারের করা হয়। এতে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ২৪৯ রান তোলে অতিথি দলটি। ডেভিড মিলার ৬৩ বলে ৭৫, হেনরিখ ক্লাসেন ৬৫ বলে ৭৪ রান ও কুইন্টন ডি কক ৫৪ বলে ৪৮ রান করেন। 

রান তাড়া করতে নেমে ভারত ৮ উইকেটে ২৪০ রান তুলতে সমর্থ হয়। ৫১ রানে চার উইকেট পতনের পর পঞ্চম উইকেটে ৬৭ রান যোগ করে স্থিতি আনেন শ্রেয়াস আইয়ার ও সাঞ্জু স্যামসন। শ্রেয়াস দলীয় ১১৮ রানে সাজঘরে ফিরলে বোলার শারদুল ঠাকুরকে নিয়ে ৯৩ রানের আরেকটি দুর্দান্ত জুটিতে দলের আশা বাঁচিয়ে রাখেন সাঞ্জু। যদিও টেল-এন্ডের যথেষ্ট সহযোগিতা না পাওয়ায় তিনি দলকে জেতাতে পারেননি।

আগামী মঙ্গলবার দিল্লিতে তৃতীয় ও শেষ ওয়ানডে। অর্থাৎ সিরিজ জয়ের দুটি সুযোগ পাচ্ছে দক্ষিণ আফ্রিকা।