আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ ফুটবল দল। নমপেনের ডেকো ন্যাশনাল হেরিটেজ স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার ম্যাচের ২৩ মিনিটে বাংলাদেশের জয়সূচক গোলটি করেন উইঙ্গার রাকিবুল হোসেন।
প্রায় মধ্য মাঠ থেকে বল নিয়ে ছুটে গিয়ে কিছুদূর এগিয়ে রাকিবুলকে বাড়িয়ে দেন মতিন মিয়া। সঙ্গে থাকা ডিফেন্ডারকে ছিটকে ফেলে রাকিব বল নিয়ন্ত্রণে নেন। এরপর দারুণ প্লেসিংয়ে লক্ষ্যভেদ করেন তিনি।
৭৬ মিনিটে মতিন মিয়ার কল্যাণে দ্বিতীয় গোল পেয়ে যাচ্ছিল বাংলাদেশ, যদিও বলটি ক্রসবারে লেগে ফিরে আসলে আফসোস করতে হয় হাভিয়ের কাবরেরার দলকে।
ফিফা র্যাংকিংয়ে কম্বোডিয়ার অবস্থান ১৭৪-এ, আর বাংলাদেশ ১৯২ নম্বরে। র্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও কম্বোডিয়ার কাছে এর আগে কখনই হারেনি বাংলাদেশ। চারটি ম্যাচ খেলে তিনটিই জয় পায় বাংলাদেশ, একটি ড্র হয়। ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে প্রথম দেখায় বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে। সর্বশেষ ২০১৯ সালে নমপেন অলিম্পিক স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারের স্বাদ দিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। এবারো হারল না জামাল ভূঁইয়ার দল। অর্থ্যাত্ এ নিয়ে টানা তিন ম্যাচে পূর্ব এশিয়ার দেশটিকে হারানোর কৃতিত্ব দেখালো বাংলাদেশ।
কম্বোডিয়া থেকে বাংলাদেশ ফুটবল দল এবার চলে যাবে নেপালে। সেখানে ২৭
সেপ্টেম্বর স্বাগতিক নেপাল জাতীয় ফুটবল দলের সঙ্গে আরেকটি ফিফা আন্তর্জাতিক প্রীতি
ফুটবল ম্যাচ খেলবেন জামাল ভূইয়ারা।










