শ্রীলংকা ও বাংলাদেশ নারী দলের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আজ কলম্বোর পি সারা ওভালে আগে ব্যাটিংয়ে নেমে ৩৬.৪ ওভারে ৬ উইকেটে ১৫২ রান তোলে স্বাগতিক দেশের মেয়েরা। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।

 

বৃষ্টির বাগড়া শুরুর আগে ভালো বোলিং করেন বাংলাদেশের মেয়েরা। প্রথম বলেই লংকান ওপেনার হারশিথা সামারাবিক্রমাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান পেসার জাহানারা আলম। এরপর বাংলাদেশের স্পিনাররা দুর্দান্ত বোলিং করেন। বিশেষ করে নাহিদা আক্তার (৩/২৪) ও ফাহিমা খাতুন (১/২৫) প্রচণ্ড চাপে রাখেন স্বাগতিকদের। শ্রীলংকার হয়ে অধিনায়ক চামিরা আতাপাত্তু (৩৭ বলে ৪৭) ছাড়া আর কেউই সাবলীল ব্যাটিং করতে পারেননি।

 

মঙ্গলবার একই মাঠে দ্বিতীয় ওয়ানডে খেলবে নিগার সুলতানা ও তার সতীর্থরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর সমান তিন ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি হবে শ্রীলংকা ও বাংলাদেশ।