বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ ফরচুন বরিশালকে মূল্যবান এক জয় এনে দিলেন ক্যারিবিয়ান তারকা কাইল মায়ার্স। ব্যাট-বলে পারঙ্গমতা দেখান তিনি। আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৮৩ রান তোলে বরিশাল। জবাব দিতে নেমে ৮ উইকেটে ১৬৫ রান তুলতে সমর্থ হয় সিলেট স্ট্রাইকার্স।

 

এই জয়ে প্লে-অফে খেলার সম্ভাবনা উজ্জ্বল করল বরিশাল। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। তাদের উপরে যথাক্রমে রংপুর (১০ ম্যাচে ১৬) ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স (৯ ম্যাচে ১৪)। বরিশালের নিচে রয়েছে খুলনা টাইগার্স (১০ ম্যাচে ১০) ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (১০ ম্যাচে ১০)।   

 

এদিকে, এটা সিলেটের সপ্তম হার। মাত্র দুই জয় পাওয়া দলটির প্লে-অফে ওঠার আর কোনো সম্ভাবনা নেই। এক জয় নিয়ে একেবারে তলানিতে দুর্দান্ত ঢাকা।  

 

আজ মুশফিকুর রহিম (৩২ বলে ৫২) ও কাইল মায়ার্সের (৩১ বলে ৪৮) ব্যাটে ভর করে বড় সংগ্রহ পায় বরিশাল। এরপর বল হাতেও দুর্দান্ত পারফর্ম করেন মায়ার্স। ৪ ওভারে ১২ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। ৪০ রানে প্রথম ৬ উইকেট হারায় সিলেট। বেনি হাওয়েল (৩২ বলে ৫৩) ও আরিফুল হকের (৩১ বলে ৫৭) লড়াই সিলেটকে জয়ের আশা দেখালেও শেষ পর্যন্ত তারা পেরে ওঠেননি। ১৮ হারে হার মানে সিলেট।

 

আজ সন্ধ্যায় ঢাকার মুখোমুখি হবে চট্টগ্রাম। মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে খুলনার মুখোমুখি হবে দলটি। শেষ চারের টিকিট পেতে শুভাগত হোমদের লড়াই এখন বরিশাল ও খুলনার সঙ্গে। আগামী শুক্রবার মিরপুরে নিজেদের শেষ ম্যাচে সিলেটের মুখোমুখি হবে খুলনা।

 

বরিশাল আগামীকাল চট্টগ্রামে মুখোমুখি হবে রংপুর রাইডার্সের, যারা এরই মধ্যে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে। শুক্রবার মিরপুরে তাদের শেষ ম্যাচ কুমিল্লার বিপক্ষে। এই বিবেচনায় বরিশালের প্লে-অফে ওঠা খুব সহজ নাও হতে পারে।