ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা
নাইট রাইডার্সের হয়ে এখনো মাঠে নামার সুযোগ হয়নি বাংলাদেশের তারকা ব্যাটসম্যান ও
উইকেটকিপার লিটন দাসের। আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও খেলা হলো না তার। আগের ম্যাচের
একাদশ নিয়েই মাঠে নামা কেকেআর ভেঙ্কটেশ আইয়ারের সেঞ্চুরিতে ৬ উইকেটে ১৮৫ রান তোলে।
জবাবে ইশান কিশান (২৫ বলে ৫৮), সূর্যকুমার যাদব (২৫ বলে ৪৩), তিলক ভার্মা (২৫ বলে
৩০) ও টিম ডেভিডের (১৩ বলে ২৪*) ব্যাটে ভর করে ৫ উইকেট ও ১৪ বল হাতে রেখে জয় তুলে
নেয় মুম্বাই।
ঢাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেই
কলকাতায় যান লিটন। আশা ছিল, ১৪ এপ্রিল ইডেনে অভিষেক হবে তার। ওই ম্যাচে হয়নি।
আফগান উইকেটকিপার ও ব্যাটার রহমানুল্লা গুরবাজের ওপরই আস্থা রেখে যাচ্ছে নাইটরা।
দলটির ওপেনিং নিয়েও সমস্যা কাটছে না। গত ম্যাচে তারা হেরেছে সানরাইজার্সের
বিপক্ষে। এতে লিটনের খেলার সম্ভাবনা তৈরি হচ্ছিল। যদিও আজ একাদশে পরিবর্তন আনেনি
না সাবেক চ্যাম্পিয়নরা। তাতে লিটনের আইপিএলে অভিষেকের অপেক্ষা বাড়ছেই।
এদিকে, আজ মুম্বাইয়ের হয়ে আইপিএলে অভিষেক ঘটে
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। অর্জুন
একজন বামহাতি পেস বোলার। মুম্বাইয়ে হয়ে তিনিই বোলিংয়ে ওপেন করেন। নিয়মিত অধিনায়ক
রোহিত শর্মা পেটের পীড়ায় পড়ায় তার জায়গায় আজ দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার
যাদব। যদিও দুই ওভারে ১৭ রান দেয়ায় অর্জুনকে পরে আর বোলিংয় আনেননি সূর্যকুমার।
কেকেআর পাঁচ ম্যাচ খেলে দুটিতে জিতে টেবিলের
পাঁচ নম্বরে, আর মুম্বাই চার ম্যাচের দুটিতে জিতে টেবিলের আট নম্বরে অবস্থান করছে।
মুস্তাফিজুর রহমানদের দিল্লি ক্যাপিটালস পাঁচ ম্যাচের সবগুলো হেরে রয়েছে টেবিলের
তলানিতে।










