দ্বাদশ বিপিএলের পর্দা উঠছে শুক্রবার। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটানসের সঙ্গে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএল মিশন সামনে রেখে রাজশাহী ওয়ারিয়র্স অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই বিপিএল আসরটা সব খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্যের চেয়ে আমার কাছে রাজশাহী দলটা বেশি গুরুত্বপূর্ণ। লক্ষ্য এটাই থাকবে যে, কীভাবে দলকে সেরাটা দিয়ে সাহায্য করতে পারি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টটা সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। ভালো পারফর্ম করলে নির্বাচকদের নজরে আসার একটা সুযোগ থাকে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ ১৯ ইনিংসে ফিফটির দেখা পাননি শান্ত। নেতৃত্ব হারানোর পাশাপাশি দলে জায়গাও হারিয়েছেন। এই বছর স্রেফ একটি ম্যাচে সুযোগ পেয়েছেন, গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজায় আউট হন ২৭ রানে। খুব ভালো ভালো করতে পারেননি গত জাতীয় লিগ টি-টোয়েন্টিতেও। এক ম্যাচে ৬৫ রানের ইনিংস খেললেও অন্য তিন ইনিংস মিলিয়ে করেছেন ২৭ রান। তিনি অবশ্য ব্যাটিংয়ের ধরন বা খুব গভীরে না গিয়ে মন দিচ্ছেন শুধু রান তোলায়। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক বলেন, ‘রান করাটাই আসল লক্ষ্য। কন্ডিশন এবং পরিস্থিতির ওপর নির্ভর করে আমি আমার অ্যাপ্রোচ ঠিক করি। কখনও স্ট্রাইক রেট বাড়িয়ে খেলতে হয়, কখনও ইনিংস গড়তে হয়। অনুশীলন সেভাবেই করেছি, যাতে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে পারি।’
শুক্রবার মাঠে মেহেদী হাসান মিরাজদের সামলানোর চ্যালেঞ্জ থাকবে রাজশাহী ওয়ারিয়র্সের, তেমনি গ্যালারির দর্শকেরাও থাকবেন প্রতিপক্ষ। শান্ত অবশ্য এই চ্যালেঞ্জকে আলিঙ্গন করেই নিচ্ছেন। তিনি বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। উৎসব আছে কী নেই, সেটা খেলোয়াড় হিসেবে আমাদের খেয়াল থাকে না। আমাদের মূল লক্ষ্য থাকে প্রস্তুতি ঠিকমতো হচ্ছে কী না এবং টুর্নামেন্টটা শুরু হচ্ছে কী না। কাল (শুক্রবার) থেকে খেলা শুরু হচ্ছে এবং একজন খেলোয়াড় হিসেবে আমি মাঠে নামার সুযোগ পাচ্ছি বলে খুবই রোমাঞ্চিত। দর্শকদের সমর্থনের বিপরীতে খেলাটা চাপের চেয়ে বরং আনন্দের ও উত্তেজনার। আমাদের খেলোয়াড়রা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। দুই দলই খুব ব্যাল্যান্সড। কালকে যারা ভালো খেলবে, তারাই জিতবে।’









