টি২০ বিশ্বকাপ সামনে রেখে আগামী মাসের শুরুর দিকে নিউজিল্যান্ডে
ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজ
সামনে ঢাকায় রেখে বুধবার শেষ হওয়া তিনদিনব্যাপী অনুশীলন ক্যাম্প বৃষ্টিতে বিঘ্নিত
হয়, তিনদিনের মধ্যে মাত্র একদিন শিষ্যদের
ভালোভাবে ট্রেনিং করাতে পেরেছেন ভারতীয় কনসালট্যান্ট শ্রীরাম শ্রীধরণ। এই ঘাটতি
পূরণের জন্য আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে
সপ্তাহব্যাপী ট্রেনিং ক্যাম্প চলার পাশাপাশি স্বাগতিক আরব আমিরাতের সঙ্গে দুটি
টি২০ ম্যাচ খেলে নিজেদের ঝালাই করে নেবে বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)
সিইও
নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ট্রেনিং ক্যাম্প। এর মধ্যে ২৫ ও ২৭
সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুটি টি২০ ম্যাচ। দুবাইয়ে ক্যাম্প শেষে ঢাকায় ফিরে আসবে
ক্রিকেট দল। এরপর অক্টোবরের প্রথম সপ্তাহে নিউজিল্যান্ড রওনা হবে টাইগাররা।
নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবে
ক্রিকেট দল।
নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, বৈরি আবহাওয়ার কারণে দল এখানে ভালোভাবে অনুশীলন করতে পারেনি। এ কারণে
আমরা প্রস্তুতিমূলক ক্যাম্পের উদ্দেশে দলকে দুবাই পাঠাচ্ছি, যার মধ্যে থাকছে আরব আমিরাতের বিপক্ষে
দুটি টি২০ ম্যাচ। এরই মধ্যে আমরা আরব আমিরাত বোর্ডের সঙ্গে যোগাযোগও করেছি। আমরা
দুবাই স্পোর্টস সিটির ফ্যাসিলিটিজ ব্যবহার করতে পারব। এটি দলের প্রস্তুতি জন্য
সহায়ক হবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। আবহাওয়ার কারণে এখানে তেমন কিছুই করা
যায়নি। এ কারণে আমরা দলকে ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে রাখার সিদ্ধান্ত
নিয়েছি। এরপর ঢাকায় ফিরে আমরা পরবর্তীতে নিউজিল্যান্ড রওনা হবো।
তিনি আরো জানান,
অধিনায়ক সাকিব
আল হাসানকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে ট্রেনিং ক্যাম্পের জন্য দুবাইয়ে ডাকা
হবে কিনা,
সে ব্যাপারে
ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে।
গত বুধবার টি২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই দলটিই
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বলে জানিয়েছেন নির্বাচকরা।










