অস্ট্রেলিয়া সফরে টি২০ সিরিজে টানা চতুর্থ ম্যাচে হেরেছে শ্রীলংকা। শুক্রবার মেলবোর্নে অতিথিদের ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৯ রান তোলে সিংহলিজরা। জবাবে ৬ উইকেট ও ১১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় অ্যারন ফিঞ্চের দল। এতে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে শ্রীলংকা। আজ পঞ্চম ও শেষ ম্যাচ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে। হোয়াইটওয়াশ এড়াতে ওই ম্যাচটি জিততেই হবে দাসুন শানাকার শ্রীলংকাকে।
ওপেনার পাথুম নিশাঙ্কা ৪০ বলে ৪৬ রানের ইনিংস খেললেও লংকানরা ১৩৯ রানের সাদামাটা সংগ্রহ পায়। এছাড়া কুশল মেন্ডিস ২১ বলে ২৭, চারিথ আসালঙ্কা ১৯ বলে ২২ রান করেন। ঝাই রিচার্ডসন ২০ রানে ও কেন রিচার্ডসন ৪৪ রানে দুটি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে ৩২ রানের মধ্যে দুই উইকেট হারালেও গ্লেন ম্যাক্সওয়েল (৩৯ বলে ৪৮) ও জস ইংলিশের (২০ বলে ৪০) ব্যাটে ভর করে শেষ পর্যন্ত সহজ জয় নিশ্চিত হয় অজিদের। শ্রীলংকার লাহিরু কুমারা ২২ রানে দুটি উইকেট নেন। ম্যাচসেরা হন ম্যাক্সওয়েল।
সিরিজে লংকানরা প্রথম ম্যাচে ২০ রানে (ডাকওয়ার্থ-লুইস মেডথ), দ্বিতীয়
ম্যাচে সুপার ওভারে, তৃতীয় ম্যাচে ৬ উইকেটে ও চতুর্থ ম্যাচে ৬ উইকেটে হেরেছে। ক্রিকইনফো










