আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে আইসিসি উইমেন্স টি২০ বিশ্বকাপ। ওই আসরের বাছাইপর্বে শুভসূচনা করেছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রোববার রাতে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে নিগার সুলতানার দল। 

আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৪৩ রান তোলে বাংলাদেশ। অধিনায়ক নিগার ৫৩ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন। এছাড়া শামীমা সুলতানা ৪০ বলে ৪৮ রান করেন। জবাব দিতে নেমে আইরিশরা ১৯.৪ ওভারে ১২৯ রান তুলে অলআউট হয়ে যায়। সালমা খাতুন ১৯ রানে  তিনটি এবং সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নেন। আইরিশদের পক্ষে এইমিয়ার রিচার্ডসন সর্বোচ্চ ২৬ বলে ৪০ রান করেন। ম্যাচসেরা হন বাংলাদেশ দলনায়ক নিগার সুলতানা। 

বাছাইপর্বে অংশ নিচ্ছে ৮টি দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ছাড়াও খেলছে স্কটল্যান্ড আর যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে লড়ছে আরব আমিরাত, থাইল্যান্ড, পাপুয়া নিউগিনি ও জিম্বাবুয়ে। আজ স্কটল্যান্ড ৭৯ রানে হারায় যুক্তরাষ্ট্রকে। এছাড়া জিম্বাবুয়ে ৮ উইকেটে পাপুয়া নিউগিনিকে ও থাইল্যান্ড ৭ উইকেটে আরব আমিরাতকে হারায়। 

বাছাই টুর্নামেন্টের শীর্ষ দুই দল যাবে বিশ্বকাপে। এছাড়া সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা। আগামী বছরের ফেব্রম্নয়ারিতে অনুষ্ঠিত হবে উইমেন্স টি২০ বিশ্বকাপ।

সোমবার একই সময়ে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি জিতলে বাংলাদেশের বিশ্বকাপ টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে।