ত্রিদেশীয় টি২০ সিরিজে বাংলাদেশকে হারানোর পরদিন নিউজিল্যান্ডকেও হারাল পাকিস্তান। ক্রাইস্টচার্চে গতকাল বাবর আজমের ৭৯ রানের ক্যাপ্টেনস নকে স্বাগতিকদের ৬ উইকেটে হারায় অতিথি দলটি। আজ একই মাঠে মুখোমুখি হবে দুই পরাজিত দল নিউজিল্যান্ড ও বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।
হ্যাগলি ওভালে টস জিতে আগে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড। যদিও পাকিস্তান বোলাররা খুব বড় সংগ্রহ গড়তে দেননি কিউইদের। ৮ উইকেট হারিয়ে ১৪৭ রানের সাদামাটা সংগ্রহ জড়ো করে স্বাগতিক দলটি। ডেভন কনওয়ে ৩৫ বলে ৩৬, মার্ক চ্যাপমান ১৬ বলে ৩২ ও কেন উইলিয়ামসন ৩০ বলে ৩১ রান করেন। পাকিস্তানের হারিস রউফ তিনটি এবং মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ নওয়াজ দুটি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে দলীয় ৩৬ রানে মোহাম্মদ রিজওয়ানকে হারায় পাকিস্তান, যিনি বাংলাদেশের বিপক্ষে ৭৮ রান করে হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। পরের ওভারে বিদায় হয় শান মাসুদেরও। যদিও এরপর ব্যাটিং অর্ডারে এগিয়ে এসে চারে নামা শাদাব খানকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে স্থিতি আনেন অধিনায়ক বাবর আজম। এ দুজন মাত্র ৪২ বলে ৬১ রান তুলে নিউজিল্যান্ডকে চাপে ফেলেন। এরপর মোহাম্মদ নওয়াজ ও হায়দার আলীকে নিয়ে যথাক্রমে ২৬ ও ২৫ রানের আরো দুটি কার্যকর জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন বাবর।
পাকিস্তান দলনায়ক বাবর ৫৩ বলে ১১ বাউন্ডারির সাহায্যে ৭৯ রান করে অপরাজিত থাকেন। জয় শেষে তিনি বলেন, আমরা সত্যিই অনেক ভালো খেলেছি। আমাদের বোলাররা প্রথম ছয় ওভারে ভালো বল করেছে এবং শেষটাও ভালো ছিল। একজন অধিনায়ক হিসেবে আমি অনেক খুশি।
তিনি আরো বলেন, আমরা কন্ডিশনটা বুঝতে চেয়েছি এবং সেভাবেই পরিকল্পনা নির্ধারণ করি। শাদাব ও নওয়াজ উভয়ই ভালো খেলেছে (কোনো ওয়াইড কিংবা নো বল করেনি)। তাই অধিনায়ক হিসেবে আমি আনন্দিত। কোনো অতিরিক্ত রান দেয়নি বোলাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে পারফেক্ট শুরু। নিজেদের সেরাটা দিতে পেরে আমরা খুশি। পরবর্তী ম্যাচের আগে আমরা একত্রে বসে পরিকল্পনা ঠিক করব।
আজ নিশ্চিতভাবেই বাংলাদেশকে হালকাভাবে নেবে না নিউজিল্যান্ড। বিশেষ করে, এ বছরের শুরুর দিকে মাউন্ট মঙ্গানুইতে টেস্ট ম্যাচে কিউইদের হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ, যা ছিল নিউজিল্যান্ডের মাঠে টাইগারদের যেকোনো ফরম্যাটে প্রথম কোনো জয়। দুটি দলই চাপ নিয়ে মাঠে নামবে, কেননা বিশ্বকাপ সামনে রেখে প্রত্যেক দলেরই লক্ষ্য নামের পাশে কিছু জয় যোগ করা।
বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচকে কঠিনই বললেন কেন উইলিয়ামসন। তার কথায়, পাকিস্তান দারুণ খেলেছে। আমরা উঁচুমাপের একটি দলের বিপক্ষে খেলেছি। তারা নিখুঁত খেলেছে। তবে আমরা দুটি বড় ওভার পেলে টার্গেটটা লড়াকু হতো। আমরা নিজেদের নিয়ে সন্তুষ্ট। বিশেষ করে ফিল্ডিং নিয়ে গর্বিত আমরা। আমাদের এখন ঠিক একত্রে জ্বলে উঠতে হবে। আশা করি, আগামীকাল (আজ) রাতে প্রত্যাশিত ফল পাব। ছেলেরা মানসিকভাবে ভালো আছে। তবে এটা ঠিক, কালকের ম্যাচটি আমাদের জন্য কঠিনই। একই উইকেট, কালকের ম্যাচের দিকে তাকিয়ে আছি আমরা।
সংক্ষিপ্ত স্কোর—
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৪৭/৮ (কনওয়ে ৩৬, চ্যাপম্যান ৩২, উইলিয়ামসন ৩১; রউফ ৩/২৮, ওয়াসিম ২/২০, নওয়াজ ২/৪৪)। পাকিস্তান: ১৮.২ ওভারে ১৪৯/৪ (বাবর ৭৯*, শাদাব
৩৪, নওয়াজ ১৬, হায়দার ১০*; ব্লেয়ার
টিঙ্কার ২/৪২)। ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: বাবর আজম (পাকিস্তান)।
৫৩ বলে ৭৯ রানের ধ্রুপদী ইনিংস খেলে পাকিস্তানের জয়ের নায়ক বাবর আজম ছবি: ক্রিকইনফো










