যুক্তরাষ্ট্রে মাস্টার্স
টি-টেন ক্রিকেট লিগের অভিষেক আসরে উদ্বোধনী ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হলো। আজ শুক্রবার
উদ্বোধনী ম্যাচে টেক্সাস চার্জার্সের বিপক্ষে টস জিতে বোলিং নেয় বাংলাদেশের বৃহৎ শিল্প
গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন আটলান্টা রাইডার্স। বাংলাদেশ সময় রাত ৭টা ৩০ মিনিটে
শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টিতে ম্যাচটি বিলম্বিত হয়। ১ ঘণ্টা ৪৫ মিনিটে অপেক্ষার পর
ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
আজ রাত বাংলাদেশ সময় ৯টা
৪৫ মিনিটে শুরু হবে ক্যালিফোর্নিয়া নাইটস ও নিউ জার্সি ট্রাইটনের ম্যাচ।
ইউএস ক্রিকেট দল আটলান্টা
ফায়ারের সঙ্গে স্ট্র্যাটেজিক চুক্তি সই করার মধ্য দিয়ে তাদের সঙ্গে যুক্ত হয় বিপিএলে
বসুন্ধরার দল রংপুর রাইডার্স। এ চুক্তির ফলে মাস্টার্স টি-টেন লিগে দলটির নামকরণ করা
হয় আটলান্টা রাইডার্স।
রবিন উথাপ্পাকে অধিনায়ক
করে শক্তিশালী দল গড়েছে আটলান্টা রাইডার্স। আজকের একাদশে আছেন লেন্ডি সিমন্স, ডোয়াইন
স্মিথ, গ্র্যান্ট ইলিয়ট, নাসির হোসেন, হাম্মাদ আজম, রায়াদ এমরিট, মোহাম্মদ ইরফান, কামরুল
ইসলাম, ইলিয়াস সানী ও হারমিত সিং। বাংলাদেশের জুনায়েদ সিদ্দিক ও ফরহাদ রেজাও আছেন রাইডার্সের
স্কোয়াডে।
টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা
করছে আটলান্টা রাইডার্স, নিউ জার্সি ট্রাইটনস, ক্যালিফোর্নিয়া নাইটস, মরিসভিল ইউনিটি,
নিউ ইয়র্ক ওয়ারিয়র্স ও টেক্সাস চার্জার্স। ছয় দলের এই আসরে শীর্ষ চার দল উঠবে প্লে-অফে।
এরপর প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার শেষে ফাইনালের মধ্য দিয়ে
পর্দা নামবে এই আসরে। সবগুলো খেলা হবে মিয়ামির লডারহিলে।
সাবেক ও বর্তমান ক্রিকেটাররা
অংশ নিচ্ছেন এই লিগে। অ্যারন ফিঞ্চ, জ্যাক ক্যালিস, গৌতম গম্ভীর, ইউসুফ পাঠান, ক্রিস গেইল, হরভজন সিং,
সুরেশ রায়না, ইরফান পাঠান, মোহাম্মদ কাইফ, শহীদ আফ্রিদি, মিসবাহ-উল-হক, মোহাম্মদ হাফিজ,
উমর গুল, সোহেল তানভির, বেন ডাঙ্ক, পল এডামস, জেসি রাইডার, ক্রেগ ম্যাকমিলান, মন্টি
পানেসার, কেভিন ও’ব্রায়েন, পার্থিব প্যাটেল, কোরি অ্যান্ডারসন, শ্রীশান্থ, কামরান আকমল,
তিলকারত্নে দিলশান, মুরালি বিজয়, মুনাফ প্যাটেল, ফিদেল এডওয়ার্ডস ও প্রবীন কুমার ১০
ওভারের এই ফরম্যাটে খেলছেন।










