সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে দারুণ ফুটবল উপহার দিচ্ছে বাংলাদেশ নারী দল। শেষ ভালো করতে পারলেই সব ভালো। সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। আজ বুধবার কমলাপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে। টি-স্পোর্টসে দেখা যাবে এই ম্যাচ।
ভারতকে হারাতে পারলেই প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা জেতার আনন্দে মাতবে স্বাগতিক বাংলাদেশ।
ভারত শক্তিশালী দল হলেও ফাইনালের আগে একদিক দিক দিয়ে এগিয়ে আছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পর্বে এই দলটিকেই ১-০ গোলে হারিয়েছে মনিকা-তহুরারা। তাই স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। তবে ওই ম্যাচ থেকে ভাবনার বিষয় ছিল যে ভারত সমানে সমান লড়াই করেছে। অন টার্গেট শটও সেভাবে নিতে পারেনি। ভাগ্যভালো যে বাংলাদেশ জয়সূচক গোলটি পেয়েছে পেনাল্টি থেকে।
স্বস্তির জায়গাটি হলো রবিন লিগের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১২ গোলে জিতেছে লাল-সবুজ দল। তাতে স্কোরিং সমস্যা অনেকটাই কেটে গেছে। যদিও প্রতিপক্ষ ছিল অনেকটাই দুর্বল। তবে দলের অধিনায়ক মারিয়া মান্দা ফাইনালে ভালো খেলার প্রতিশ্রুতি দিয়ে রাখলেন। লড়াই করে শিরোপা ঘরে তুলতে চাইছেন তিনি। মারিয়া বলেন, আমাদের লক্ষ্য ছিল ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা। আগে সেভাবে খেলেই জিতেছি। প্রতিটি ম্যাচেই ভালো খেলা উপহার দিয়েছি। ভারতের সঙ্গে ম্যাচে আগের ভুল-ত্রুটি ছিল সেটা শুধরে ফাইট করবো। জয় নিয়েই মাঠ ছাড়তে চাই।
প্রতিপক্ষ ভারতও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়ে রেখেছে। তারা চাইছে ঢাকা থেকে ট্রফি নিয়ে যেতে। দলের ফরোয়ার্ড সুমাতি কুমারি আত্মবিশ্বাসের সুরে বলেছেন, দল ফাইনালে খেলছে, ভীষণ ভালো লাগছে। ফাইনাল জেতার জন্য যেভাবে খেলা দরকার, আমরা সেভাবেই খেলবো। এবার কোনও ভুল করতে চাই না।










