ফরাসি লিগে টানা দুই হার, সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের সঙ্গে প্রথম লেগে হেরে বিদায় নেওয়ার পথে প্যারিস সেন্ট জার্মেই। স্বাভাবিকভাবেই কোচ গ্যালাতিয়েরের ওপর ক্ষুব্ধ পিএসজি কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, এবার স্পেশাল ওয়ান হোসে মরিনহোকে কোচ হিসেবে চাইছে পিএসজি।
ফুট মার্কার খবরে বলা হয়েছে, ইতোমধ্যে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস নাকি বর্তমানে রোমার কোচ মরিনহোর সঙ্গে যোগাযোগও করেছেন। আলোচনাও হয়েছে, চুক্তির খুব কাছাকাছিও পৌঁছে গেছেন তারা।
পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন, ইতালি।
কোচ হিসেবে ইউরোপের সেরা লিগগুলো চষে বেড়িয়েছেন মরিনহো। যেখানেই গেছেন, সাফল্য ধরা
দিয়েছে। ইউরোপের সেরা লিগগুলোর চারটিতেই শিরোপা জিতেছেন হোসে মরিনহো। অনেক আগে প্যারিসে
কাজ করার আগ্রহ জানিয়ে রেখেছিলেন মরিনহো। বলেছিলেন, ভবিষ্যতে ফ্রান্সের কোনও দলের কোচ
হওয়ার ইচ্ছা আছে তার। গুঞ্জন সত্য হলে আগামী মৌসুম থেকেই মেসি-নেইমারদের কোচ হিসেবে
পিএসজির ডাগ আউটে দেখা যেতে পারে মরিনহোকে।
অবশ্য ফরাসি গণমাধ্যমের খবর আরেক কিংবদন্তি জিনেদিন জিদানকে কোচ হিসেবে খুব করে চাইছিল পিএসজি। তবে জিদানের পক্ষ থেকে প্রত্যাশা মতো সাড়া না পাওয়ায় আলোচনা থমকে আছে।










