বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বিসিবি দক্ষিণাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চলের মধ্যকার শেষ রাউন্ডের ম্যাচটি ড্র হয়েছে। আর তাতে দুই দলই চলে গেছে ফাইনালে। আগামী ২ জানুয়ারি থেকে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের নবম আসরের ফাইনাল ম্যাচটি শুরু হবে।
এ ম্যাচটির ওপরই নির্ভর করছিল এবারের আসরের ফানালিস্ট কে হবে! আজ বুধবার তিন রাউন্ড শেষে সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে দক্ষিণাঞ্চল ও ১১ পয়েন্ট নিয়ে ওয়ালটন মধ্যাঞ্চল ফাইনাল নিশ্চিত করে। ১০ পয়েন্ট নিয়ে বিসিবি উত্তরাঞ্চল তৃতীয় ও ৮ পয়েন্ট নিতে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল চতুর্থ স্থানে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রান উত্সবে মেতেছিলেন দুই দলের ব্যাটাররা। দুই দলের পাঁচ ব্যাটার দেখা পেয়েছেন সেঞ্চুরির।
প্রথম ইনিংসে আগে ব্যাটিং করে অধিনায়ক শুভাগত হোম চৌধুরীর ১৫২ ও সৌম্য সরকারের ১৫০ রানে ভর করে ৪৮১ রান করে ওয়ালটন মধ্যাঞ্চল। দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে গিয়ে অলআউট হয় দলটি। এরপর প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দক্ষিণাঞ্চলের তৌহিদ হূদয়ের ১২২, অমিত হাসানের ১১৭ ও জাকির হাসানের ১০৯ রানে ভর করে ৪৯৪ রান করে। দ্বিতীয় দিন দেড় সেশন, তৃতীয় দিন পুরোটা খেলে চতুর্থ দিন প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনের শুরুতে অলআউট হয় দলটি।
১৩ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে চার উইকেট হারিয়ে ৯৯ রান করে মধ্যাঞ্চল। ফল না হওয়ার সম্ভাবনা না থাকায় দিনের শেষ ঘণ্টায় ড্র মেনে নেয় দুই দল। ব্যাট হাতে ১৫২ ও বল হাতে এক উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মধ্যাঞ্চলের অধিনায়ক শুভাগত।
দুই দল মিরপুরে এবার ট্রফির লড়াইয়ে নামবে। এর আগে ওয়ালটন মধ্যাঞ্চল। দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল বিসিএলে- প্রথমবার ২০১২-১৩ মৌসুমে ও দ্বিতীয়টি ২০১৫-১৬ মৌসুমে। আর গত তিন আসর ধরে চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল। ৮ আসরের মধ্যে তারা শিরোপা জিতেছে ৫ বার। অন্য ট্রফি জেতে বিসিবি উত্তরাঞ্চল।










