পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স ও মুলতান সুলতানস। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
বর্তমান চ্যাম্পিয়ন মুলতান এবারো দাপটের সঙ্গে ফাইনালে পা রেখেছে। রাউন্ড রবিন পর্বে ১০ ম্যাচে নয়টি জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে তারা কোয়ালিফায়ার ম্যাচে উত্তীর্ণ হয়। সেখানে তারা লাহোরকে ২৮ রানে হারিয়ে সরাসরি ফাইনালে ওঠে। এরপর শুক্রবার এলিমিনেটর ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে ৬ রানে হারিয়ে ফাইনালে ওঠে লাহোর। রাউন্ড রবিন লিগে দুবারের দেখায় দুই দল একটি করে জয় পায়। এবারের আসরে মুলতানের একমাত্র হার এটিই।
পিএসএলে পাঁচ দল শিরোপার দেখা পেলেও এখনো সে স্বাদ পায়নি লাহোর। ২০২০ আসরের ফাইনালে তারা করাচি কিংসের বিপক্ষে পাঁচ উইকেটে হেরে যায়। তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে এবার দুর্দান্ত দলটি। মুলতান মোহাম্মদ রিজওয়ানের হাত ধরে গত আসরে প্রথমবার ফাইনালে উঠে ঘরে তুলে নেয় শিরোপা। আবারো রিজওয়ানের নেতৃত্বে দ্বিতীয় শিরোপার স্বপ্ন বুনছে তারা।
দুই দলকে সামনে থেকে টানছেন দুই অধিনায়ক। রিজওয়ান ১১ ইনিংসে করেছেন ৪৩২ রান। এখন পর্যন্ত আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। অন্যদিকে শাহিন শাহ আফ্রিদি ১২ ইনিংসে ১৭ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ শিকারি। ক্রিকইনফো










