৪৫ হাজার কোটি টাকায় চেলসির মালিকানা বদলের খবর আসার দিনই ব্লুজদের জয়বঞ্চিত করলেন উলভারহ্যাম্পটন অধিনায়ক কনোর কোয়াডি। তাও ম্যাচের ৯৭ মিনিটের সময় হেডে করা গোলে। আজ শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে উত্তেজনাপূর্ণ ম্যাচটি ড্র হয় ২-২ গোলে।
চেলসি কিনতে সম্মত হওয়া কনসোর্টিয়ামের নেতৃত্বে থাকা টড বোয়েলি কাল
ভিআইপি স্ট্যান্ডে বসে দেখেছেন চেলসির খেলা। যদিও বিশেষ এ দিন জেতেনি চেলসি।
দ্বিতীয়ার্ধে দুই মিনিটের মধ্যে (৫৬ ও ৫৮ মিনিট)
দুই গোল করেন
রোমেলু লুকাকু। এরপর ব্লুজদের আশাহত করে অতিথি দলটি। ৭৯ মিনিটে মাচাদো ত্রিনকাও
সমতা আনেন। যোগ করা সময়ের সপ্তম মিনিটে গোল করে টমাস টুখেলের দলের কাছ থেকে জয়
ছিনিয়ে নেন কোয়াডি।
এই ড্রয়ের পরও ৩৫ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে
চেলসি। আর উলভারহ্যাম্পটন সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে।
এদিকে,
আজ ক্রিস্টাল
প্যালেসের কাছে ১-০ গোলে হেরে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে গেছে ওয়াটফোর্ড।
সেলহার্স্ট পার্কে ম্যাচের ৩১ মিনিটে পেনাল্টি থেকে ক্রিস্টালের জয়সূচক গোলটি করেন
উইলফ্রেড জাহা।
এই হারে নরউইচ সিটির পর দ্বিতীয় দল হিসেবে অবনমিত হলো
ওয়াটফোর্ড। ৩৫ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট, ৩৪
ম্যাচে নরউইচের ২১। এভারটন ৩২ পয়েন্ট নিয়ে অবনমন ঝুঁকিতে রয়েছে।










