প্রথমবারের মতো নারী টি২০ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার সুযোগ এসেছিল দক্ষিণ আফ্রিকার নারীদের সামনে। কেননা দেশটির পুরুষ ও নারীরা কোনো ফরম্যাটেই কখনো বিশ্বকাপ জেতেনি, এমনকি এর আগে ১১ বার সেমিফাইনাল খেলে কখনো ফাইনালেও ওঠেনি। এবার তাই দেশটিজুড়ে বিরাট প্রত্যাশা তৈরি হয়। কিন্তু পারলেন না সুনে লুস, লরা উলভার্টরা। অজিদের কাছে আজ ১৯ রানে হেরে গিয়ে স্বপ্নভঙ্গ হয় তাদের। আর এটা নারীদের টি২০ বিশ্বকাপে আট আসরের মধ্যে অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা।

 

দক্ষিণ আফ্রিকার ইতিহাসে ক্রিকেটে প্রথমবার কোনো বিশ্বকাপ শিরোপা জিততে প্রোটিয়া নারীদের করতে হতো ১৫৭ রান। কেপটাউনের নিউল্যান্ডসে চলমান আইসিসি নারী টি২০ বিশ্বকাপের ফাইনালে টস জিতে ব্যাটিং নেয়া অস্ট্রেলিয়া ৬ উইকেটে ১৫৬ রান তুলেছে। রান তাড়া করতে নেমে মন্থর সূচনা করা স্বাগতিক মেয়েরা ১৭ রানে ইনফর্ম তাজমিন ব্রিটসকে হারায়। ১০ ওভারশেষে তারা ২ উইকেটে ৫২ রান তুলতে সমর্থ হয়। নিয়মিত উইকেট পতনে আস্কিং রেটটা দ্রুত বেড়ে যাওয়ার পরও চেষ্টা করছিলেন লরা উলভার্ট (৪৮ বলে ৬১)। যদিও ১৭তম ওভারে তার বিদায়ে সব আশা শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার।

 

এর আগে দক্ষিণ আফ্রিকা ভালো বোলিং করলেও বেথ মুনির দৃঢ়তায় শেষ পর্যন্ত লড়াই করার মতো সংগ্রহ পেয়ে যায় অজিরা। ৫৩ বলে ৭৪ রান করেন দলটির বামহাতি ওপেনারটি। তিনি নয়টি বাউন্ডারি ও একটি ছক্কায় ইনিংসটি সাজান। এছাড়া অ্যাশলে গার্ডনার ২১ বলে ২৯ ও অ্যালিসা হিলি ২০ বলে ১৮ রান করেন। দক্ষিণ আফ্রিকার সাবনিম ইসমাইল ২৬ রানে ও মারিয়ানে ক্যাপ ৩৫ রানে দুটি উইকেট নেন।

 

অস্ট্রেলিয়া শেষ ৫ ওভারে ৪৬ রান তুলে নিতে সমর্থ হলেও নিজেরা বোলিং করার সময় ৫ ওভার দিয়েছে ৩৯ রান।

বেথ মুনি ম্যাচসেরা খেলোয়াড় হন।