টি-টোয়েন্টি
বিশ্বকাপে আজ নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী
দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে মাঠে নামার আগে একটি পরিসংখ্যান
নিশ্চিতভাবেই উঁকি দেবে বাংলাদেশ দলের খেলোয়াড় ও সমর্থকদের মনে। তা হলো, টি-২০ ফরম্যাটে
আটবারের মুখোমুখিতে কখনই দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ! আজ কি প্রথম জয়ের
স্বাদ পাবে টাইগাররা?
টি-টোয়েন্টি
বিশ্বকাপে এখন পর্যন্ত তিনবার দেখা হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার। ২০০৭ সালের প্রথম
আসরে ৭ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে উইকেটে হেরেছিল বাংলাদেশ। ২০২১ সালে সংযুক্ত
আরব আমিরাতে অনুষ্ঠিত আসরে ৬ উইকেটে ও ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসরে ১০৪ রানে
জিতেছে প্রোটিয়ারা।
বিশ্বকাপের
এই তিন ম্যাচের বাইরে দুই দলের আরো পাঁচবার দেখা হয়েছে। ২০০৮ সালে জোহানেসবার্গে ১২
রানে, ২০১৫ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৫ রানে ও ৩১ রানে, ২০১৭ সালে ব্লোয়েমফন্টেইনে
২০ রানে ও পচেফস্ট্রুমে ৮৩ রানে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশের
বিপক্ষে দুবার দুশোর্ধ্ব সংগ্রহ গড়েছে দক্ষিণ আফ্রিকা। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ৪ উইকেটে
২২৪ রানের সৌধ গড়ে প্রোটিয়ারা জিতেছিল ৮৩ রানের বড় ব্যবধানে। ২০২২ সালের বিশ্বকাপে
সিডনিতে তারা তুলেছিল ৫ উইকেটে ২০৫ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ
দলীয় স্কোর ১৭৫/৯। যদিও এই ম্যাচেও জেতা হয়নি। ১৯৬ রান তাড়া করতে নেমে ২০ রানে হার
মানে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে
বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি রান করেছেন কুইন্টন ডি কক। ৫ ম্যাচ খেলে ৩৮.৮০ গড় ও
১৪২.৬৪ স্ট্রাইক রেটে ১৯৪ রান করেছেন তিনি। ডি কক খেলবেন আজ।
প্রোটিয়াদের
বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন সৌম্য সরকার, যিনি গত ম্যাচে শূণ্য
রানে আউট হওয়া লজ্জাজনক এক রেকর্ডের অংশ হয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি সর্বোচ্চ
১৩ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড তার ও আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের দখলে। চাপে
থাকা সৌম্য আজ একাদশে নাও থাকতে পারেন।
প্রোটিয়া-টাইগার
দ্বৈরথে সর্বোচ্চ উইকেট শিকারের গৌরব বাংলাদেশের সাকিবের। তিনি ৭ ম্যাচে নিয়েছেন ৯
উইকেট। যদিও ৭ উইকেট নিয়ে দুইয়ে থাকা এনরিখ নরকিয়া খেলেছেন মাত্র দুই ম্যাচ! নরকিয়া
আজও আছেন প্রোটিয়া একাদশে!
বিশ্বকাপের
‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা
করছে বাংলাদেশ। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। সমান ২ পয়েন্ট
রয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের। ডাচরা এক ম্যাচ বেশি খেলেছে। তাই বাংলাদেশ রয়েছে
টেবিলের দুইয়ে।










