উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে আজ মঙ্গলবার রাতে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে। একই সময়ে আগামীকাল বুধবার অ্যানফিল্ডে মুখোমুখি হবে লিভারপুল ও ভিয়ারিয়াল।

চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে সেমিফাইনালে ওঠা চারটি দলের মধ্যে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ তথা ইংল্যান্ডের ক্লাব, বাকি দুটি লা লিগার তথা স্প্যানিশ ক্লাব। সেমিতে দুটি লিগের দলগুলোর মুখোমুখিটাও বিপরীতমুখী। একই লিগের কেউ কারো বিপক্ষে খেলতে হচ্ছে না। যার ফলে আবারো সম্ভাবনা তৈরি হয়েছে অল ইংলিশ ফাইনাল কিংবা অল স্প্যানিশ ফাইনালেরও। সেমিতে রিয়ালকে যদি ম্যানসিটি পরাস্ত করতে পারে, অন্য দিকে লিভারপুলে যদি ভিয়ারিয়ালকে হারাতে পারে, তাহলে আবারো দেখা যাবে অল ইংলিশ ফাইনাল। যদি উল্টো হয়, ম্যানসিটিকে রিয়াল এবং লিভারপুলকে ভিয়ারিয়াল হারাতে পারে, তাহলে ফাইনালটা অল স্প্যানিশদেরই হবে।

বিংশ শতাব্দীর আগে কখনো দুই ইংলিশ দল কিংবা দুই স্প্যানিশ দল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয়নি। কিন্তু ২০০০ সাল থেকে গত মৌসুম পর্যন্ত অল ইংলিশ ও অল স্প্যানিশ ফাইনাল হয়েছে সর্বমোট ছয়বার। ইংলিশদের মধ্যে তিনবার ও স্প্যানিশদের মধ্যে তিনবার হয় এমন ফাইনাল।

১৯৯৯-২০০০ মৌসুমে সর্বপ্রথম চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেনের দুইটি ক্লাব রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। যে ম্যাচটি লস ব্লাঙ্কোস ৩-০ গোলে জিতে শিরোপা উত্সব করেছিল। এরপর ২০১৩-১৪ ও ২০১৫-১৬ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল ও অ্যাতলেতিকো মাদ্রিদ। তবে অল স্প্যানিশদের ফাইনালে প্রত্যেকবারই চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল।

সর্বপ্রথম অল ইংলিশ ফাইনাল হয় ২০০৭-০৮ মৌসুমে। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। খেলার নির্দিষ্ট ও অতিরিক্ত সময় ১-১ গোলে ড্র হলে পরে পেনাল্টিতে ৬-৫ গোলে হারে চেলসি। এরপর ২০১৮-১৯ মৌসুমে লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার মুখোমুখি হয়েছিল। যেখানে স্পার্সদের ২-০ গোলে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পায় অল রেডস।

সবশেষ গত মৌসুমে (২০২০-২১) চেলসি ও ম্যানসিটির মধ্যে অল ইংলিশ ফাইনাল হয়। ১-০ গোলে জিতে দ্বিতীয়বারের মতো এই শিরোপা জেতে দ্য ব্লুজ।

ইউরোপিয়ান কাপ ও পরবর্তীতে উয়েফা চ্যাম্পিয়নস লিগ নামকরণসহ সব মিলিয়ে ৬৭তম আসর চলছে। তবে ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে আধিপত্য স্প্যানিশদেরই। রিয়াল মাদ্রিদ একাই এই শিরোপা জিতেছে ১৩ বার। অন্যদিকে ইংলিশ লিগের ক্লাবগুলো সবমিলিয়ে চ্যাম্পিয়নস লিগের ১২ শিরোপা জেতে (ম্যানইউ, লিভারপুল, চেলসি ও অ্যাস্টন ভিলা)। বার্সেলোনার পাঁচটিসহ স্প্যানিশরা ১৮ বারের চ্যাম্পিয়ন।

সেমিফাইনালেও সর্বোচ্চ ৫৯ বার খেলেছে স্প্যানিশ ক্লাব। তারমধ্যে রিয়াল মাদ্রিদই খেলেছে ৩১ সেমিফাইনাল, বার্সেলোনা ১৬। ইংলিশরা সেমিফাইনালে খেলেছে ৪৬ বার। সর্বোচ্চ লিভারপুল ও ম্যানইউ ১২ বার করে সেমিফাইনাল খেলে। ইতালির ক্লাব খেলেছে ৩৫ বার।

তবে চ্যাম্পিয়নস লিগের গত তিন মৌসুমে আধিপত্য ইংলিশদেরই। অল ইংলিশ হলো দুইবার। একবার চেলসি ও একবার লিভারপুল শিরোপা জেতে।