দক্ষিণ এশিয়া অঞ্চলের সবচেয়ে বড় ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর শুরু হচ্ছে বুধবার। ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরভা স্টেডিয়ামে শুরু হয়ে ৪ জুলাই পর্যন্ত চলবে এ আসর। সাফে বাংলাদেশ একবার শিরোপা জয় করেছে। ২০০৩ সালে ঘরের মাঠে সেই শিরোপা জয়ের পর দীর্ঘ খরা। হাভিয়ের কাবরেরার দলটি কি এবার ভারতের মাটি থেকে শিরোপা জিতে দেশে ফিরতে পারবে?

সাফ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত, যারা ২০২১ সালের আসরে নেপালকে ফাইনালে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো শিরোপা জয় করে। ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫ ও ২০২১ সালে দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্ব দেখায় ভারত। এবার নবম শিরোপার লক্ষ্যে খেলতে নামবে স্বাগতিকরা।

দ্বিতীয় সর্বোচ্চ দুবার শিরোপা জিতেছে দ্বীপদেশ মালদ্বীপ। তারা ২০০৮ ও ২০১৮ সালে শিরোপা জয় করে। এছাড়া শ্রীলংকা ১৯৯৫ সালে ও আফগানিস্তান ২০১৩ সালে সাফ চ্যাম্পিয়ন হয়।

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি গোলের মালিক ভারতীয় দলের বর্তমান অধিনায়ক সুনীল ছেত্রী। তিনি ১৮ গোল করে তালিকার শীর্ষে অবস্থান করছেন। মালদ্বীপের আলী আশফাক ১৩ গোল, ভারতের সাবেক তারকা ফরওয়ার্ড বাইচুং ভুটিয়া ১২ গোল এবং মালদ্বীপের ইব্রাহিম ফাজিল ও আহমেদ তারিক উভয়ই ১০ গোল করেন।

শ্রীলংকা নিষিদ্ধ হওয়ায় সাফের দল বাড়াতে এবার অতিথি দল হিসেবে আমন্ত্রণ জানানো হয় কুয়েত ও লেবাননকে। উভয় দেশ খেলতে রাজি হওয়ায় এবার আট দলের সাফ চূড়ান্ত করা হয়।

আট দলকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়। ‘‌এ’ গ্রুপে ভারত, কুয়েত, নেপাল ও পাকিস্তান এবং ‘‌বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে মালদ্বীপ, ভুটান ও লেবাননের সঙ্গে। প্রতিটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের বিপক্ষে খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে।

বুধবার প্রথম দিন সন্ধ্যা ৬টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অতিথি দল কুয়েত ও নেপাল। এরপর রাত ৮টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। পরেরদিন মাঠে নামবে বাংলাদেশ। লাল-সবুজ জার্সিধারীরা প্রথম ম্যাচ খেলবে লেবাননের বিপক্ষে। ওইদিন মালদ্বীপের প্রতিপক্ষ ভুটান।

সাফের প্রস্তুতি হিসেবে গত বৃহস্পতিবার কম্বোডিয়ায় প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল, যাতে জামাল ভূঁইয়ারা ১-০ গোলের জয় তুলে নিয়ে দারুণ প্রস্তুতি সম্পন্ন করে। কম্বোডিয়া থেকে ব্যাংকক হয়ে ভারতের কর্ণাটকে পৌঁছেছে বাংলাদেশ দল।

সাফে বাংলাদেশের লক্ষ্য নিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া ভিডিও বার্তায় বলেছেন, ‘‌লক্ষ্য বলতে, আমরা তো চাই চ্যাম্পিয়নশিপ, কিন্তু আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে লেবানন ম্যাচ, ওদের বিপক্ষে এক পয়েন্ট বা তিন পয়েন্ট যদি নিতে পারি, তাহলে আমরা আত্মবিশ্বাস নিয়ে পরের ম্যাচে যেতে পারি। তো আমাদের ম্যাচ বাই ম্যাচ ভাবতে হবে। তবে অবশ্যই মূল লক্ষ্য চ্যাম্পিয়নশিপ।’ 

তিনি আরো বলেন, ‘‌দলের আত্মবিশ্বাস একটু বেড়েছে। শেষ দুই ম্যাচ আমরা জিতেছি, অবশ্যই দলের জন্য ভালো। যদিও দুটি টেস্ট (পরীক্ষামূলক) ম্যাচ ছিল, কিন্তু আমি চাই আরো ভালো খেলতে হবে। আরো ভালো খেললে আমাদের আত্মবিশ্বাস আরো বাড়বে। ১-০ গোলে জিতেছি, কিন্তু আরেকটু ভালো খেলতে হবে। এখন আমাদের মনোযোগ লেবানন ম্যাচ নিয়ে। লেবানন নিয়ে কাজ করতে হবে, কীভাবে খেলব, আক্রমণ করব—এসব ট্যাকটিক্যাল দিক নিয়ে কাজ করতে হবে।’

এদিকে সাফের প্রস্তুতি হিসেবে নিজেদের মাঠে চার দলের ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলছে ভারত। টুর্নামেন্টের বাকি তিন দল হলো লেবানন, মঙ্গোলিয়া ও ভানুয়াতু। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল হিসেবে ফাইনালে উঠেছে ভারত ও লেবানন। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আজ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। কাজেই সাফ প্রস্তুতিতে ভারত ও লেবানন অন্যদের চেয়ে এগিয়ে থাকবে।