এফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টে টানা দ্বিতীয়
জয় তুলে নিল বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের পর আজ লাল-সবুজ
জার্সিধারীরা হারিয়েছে ভুটানকে। ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ শিপাহী মোস্তফা কামাল
স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ‘ই’ গ্রুপের ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারায়
বাংলাদেশের কিশোররা। আজ বিকেলে গ্রুপের আরেক ম্যাচে সিঙ্গাপুরকে ৬-০ গোলে হারিয়েছে
গ্রুপ লিডার ইয়েমেন।
এএফসিভুক্ত ৪৭টি দেশের মধ্যে ৪৪টি এই বাছাইপর্বে অংশ নিচ্ছে। এর মধ্যে
চারটি গ্রুপে পাঁচটি করে ও ছয়টি গ্রুপে চারটি করে দল লড়াই করছে। ১০ গ্রুপের
চ্যাম্পিয়ন দল সরাসরি উঠবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে। আর সেরা রানার্সআপ হিসেবে আরো
ছয়টি দল পাবে চূড়ান্ত পর্বের টিকিট।
টানা দুটি ম্যাচ জিতলেও গোল গড়ে ইয়েমেনের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। দুই
ম্যাচে ১৪ গোল করে টেবিলের শীর্ষস্থান দখল করেছে আরব দেশটি। তারা কোনো গোলও হজম
করেনি। বাংলাদেশের গোল ব্যবধান +৩।
রোববার গ্রুপের শেষ ম্যাচে ইয়েমেনকে হারাতে পারলে সরাসরি এশিয়ান কাপে উঠবে
বাংলাদেশ। নইলে সেরা রানার্সআপ হিসেবে ওঠার আশায় থাকতে হবে।










