ইস্টার সানডেতে হামলার শিকার ও বতর্মান অর্থনৈতিক সংকটে ভোগা শ্রীলংকান নাগরিকদের ন্যায়বিচারের জন্য ২৪ ঘণ্টার অনশন শুরু করেছেন সাবেক ক্রিকেটার ধাম্মিকা প্রসাদ। শ্রীলংকার রাজধানী কলম্বোর কেন্দ্রস্থল গল ফেস গ্রিনে আজ শুক্রবার সকাল থেকে অনশন শুরু করেন এই পেসার।
২০১৯ সালের ২১ এপ্রিল ইস্টার সানডের দিন শ্রীলংকায় কয়েকটি গির্জা ও হোটেলে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ২৭০ জন নিহত হন, যাদের মধ্যে অনেক বিদেশি নাগরিকও ছিলেন। আহত হন চার শাতাধিকের বেশি মানুষ। ইস্টার সানডের সেই হামলার শিকার মানুষগুলোর জন্য ন্যায়বিচারের দাবিতে গত সপ্তাহে কাতুওয়াপিটিয়া গির্জা থেকে কোচিকেডে গির্জা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলেরও আয়োজন করেন ধাম্মিকা। কর্তৃপক্ষের কাছে বিচারের অনুরোধ জানান তিনি।
অন্যদিকে অর্থনৈতিক সংকটে পড়ে ইতোমধ্যে নিজেদের দেউলিয়া ঘোষণা দিয়েছে শ্রীলংকা। কঠিন ক্রান্তিকাল পার করছে দেশটির সাধারণ মানুষ। দুটি ইস্যু সামনে রেখে জনগণকে ন্যায়বিচার দেয়ার জন্য দেশের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ২৪ ঘণ্টার অনশন করছেন ধম্মিকা প্রসাদ।
৩৮ বছর বয়সী ধাম্মিকা ২৫টি টেস্ট, ২৪টি ওয়ানডে ও একটি টি২০ ম্যাচ খেলেছেন। ডেইলি মিরর।










