সিরিজের প্রথম টি২০তে আফগানিস্তানকে ১৫৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। লিটন দাসের অর্ধশতকে ভর করে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
এরপর আফগানদের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন বাংলাদেশের বামহাতি অর্থোডক্স স্পিনার নাসুম আহমেদ। প্রথম ওভারে রহমানউল্লাহ গুরবাজকে দিয়ে শুরু। দলীয় ২০ রানের আগেই তিনি সাজঘরে ফেরান হজরতউল্লাহ জাজাই, দারউইশ রাসুলি ও করিম জানাতকে। এ প্রতিবেদন লেখার সময় আফগানদের সংগ্রহ ছিল ৭.৩ ওভার শেষে ৩৮/৪। নাসুম ৪ ওভার বোলিং করে ১০ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন।
দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন লিটন। ৪৪ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার। চারটি চার ও দুটি ছকায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। টি২০তে এটি লিটনের পঞ্চম হাফসেঞ্চুরি।
এ ম্যাচ দিয়ে টি২০তে বাংলাদেশের হয়ে অভিষেক ঘটেছে মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী রাব্বির। অভিষেকে ১৮ বলে তিন চারের সাহায্যে ১৭ রান করেন মুনিম। ব্যক্তিগত ৮ রানে রান-আউটের ফাঁদে পড়ে সাজঘরে পেলেন ইয়াসির। এছাড়া আফিফ হোসেন ২৫ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১০ রান করেন।
আফগান বোলারদের মধ্যে ফজলহক ফারুকি ও আজমতউল্লাহ ওমারজাই দুটি করে, রশিদ খান, ও কাইস আহমেদ একটি করে উইকেট নেন।










