অলিম্পিকে ছেলেদের ফুটবলে আজ গ্রুপ পর্বে শেষ রাউন্ডের ম্যাচ। কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে আজ নামছে দুইবারের সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘বি’ গ্রুপ ম্যাচে তারা মুখোমুখি হবে ইউক্রেনের। গ্রুপের আরেক ম্যাচে লড়বে দুই আরব দেশ মরক্কো ও ইরাক। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

 

প্রথম ম্যাচে চরম নাটকীয়তার পর মরক্কোর কাছে ১-২ গোলে হেরে যায় আর্জেন্টিনা। সেই হার নিয়ে আপিলও করেছিল আর্জেন্টিনার ফেডারেশন। যদিও আপিলের রায় তাদের পক্ষে যায়নি। দ্বিতীয় ম্যাচে তারা ইরাককে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকে। আজ নকআউটের টিকিট নিশ্চিত করার দিন হুলিয়ান আলভারেজদের।

 

‘বি’ গ্রুপে আর্জেন্টিনার অবশ্য কাজটি সহজ নাও হতে পারে। এই গ্রুপের প্রতিটি দলেরই ঝুলিতে আছে সমান ৩ পয়েন্ট। চারটি দলের প্রত্যেকেরই সুযোগ আছে কোয়ার্টার ফাইনালে ওঠার। আজকের ম্যাচে যারা জিতবে সেই দুটি দল উঠে যাবে নকআউটে। আর্জেন্টিনার অবশ্য ড্র করলেই চলে। আর হারলেই বিদায় নেবে লিওনেল মেসির দেশ।

 

বাকি তিন গ্রুপেরও মীমাংসাও আজ। ‘এ’ গ্রুপে ফ্রান্স খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ গিনি। দুটি ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। ৬ পয়েন্ট নিয়ে নকআউটে এক পা দিয়েই রেখেছে স্বাগতিক ফ্রান্স। যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডের ঝুলিতে সমান ৩ পয়েন্ট।

 

টানা দুই জয়ে ‘সি’ গ্রুপ থেকে নকআউটের টিকিট নিশ্চিত করেছে স্পেন। ৪ পয়েন্ট নিয়ে তাদের পরেই মিসর। শেষ দুটি অবস্থানে ডমিনিকান রিপাবলিক (১) ও উজবেকিস্তান (০)।  এই দুটি দল আজ মুখোমুখি হবে। মিসর এক পয়েন্ট পেলেই উঠে যাবে নকআউট পর্বে। যদিও স্পেনের বিপক্ষে এক পয়েন্ট পাওয়া কঠিন হতে পারে। আবার উজবেকিস্তান জিতলে তাদের কাজটি সহজ হয়ে যেতে পারে। দুটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

 

‘ডি’ গ্রুপ থেকে জাপান নকআউটের টিকিট নিশ্চিত করেছে। আজ তাদের সামনে ইসরায়েল (১)। আরেক ম্যাচে প্যারাগুয়ে (৩) খেলবে মালির (১) সঙ্গে। এই দুটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।