জাতীয় দলের হয়ে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপই নিজের শেষ বিশ্বকাপের কথা জানিয়েছিলেন নেইমার জুনিয়র। সবকিছুরই শেষ আছে। একদিন নেইমারকেও হাঁটতেও হবে রোনালদো-রোনালদিনহোদের পথে। তবে অবসরের আগে ক্যারিয়ারের শেষ সময়ে যুক্তরাস্ট্রের মেজর সকার লিগে খেলার আগ্রহ প্রকাশ করেছেন নেইমার।

একসময় দাপিয়ে ফুটবল খেলা অনেকেই এখন সকার লিগ মাতাচ্ছেন। অবসরে যাওয়ার আগে তাদের পথেই হাঁটতে চান পিএসজির ফরোয়ার্ড। ২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড পরিমান ট্রান্সফার ফিতে পিএসজিতে পাড়ি জমান ব্রাজিলিয়ান এ তারকা। তার সঙ্গে ফরাসি ক্লাবটির চুক্তির মেয়াদ রয়েছে ২০২৫ সাল পর্যন্ত।

বয়স হিসেব করলে মেসি-রোনালদো থেকে পাঁচ-ছয় বছর কম নেইমারের বয়স। তার বয়স এখন ৩০ বছর। ২০২৫ সালে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে তখন পর্যন্ত নেইমারের বয়স হবে ৩৩ বছর। তখনই যুক্তরাষ্ট্রের লিগে যাবেন কি-না, এ ব্যাপারে অবশ্য কিছু জানাননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

অনেকেই শেষ সময়ে চায় নিজ দেশের ক্লাবের হয়ে অথবা শৈশবের ক্লাবের হয়ে খেলতে। তবে নেইমারের এমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন। ফেনোমেনোস পডকাস্টে কিংবদন্তি ফরোয়ার্ড ‘ফেনোমেনন’ রোনালদোর সঙ্গে আলাপচারিতায় নেইমার বলেন, তার ব্রাজিলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

নেইমার বলেন, জানি না আমি আবার ব্রাজিলে খেলব কিনা। এটা নিয়ে আমার কিছুটা সংশয় আছে। আমি আসলে যুক্তরাষ্ট্রে খেলতে চাই। অন্তত এক মৌসুমের জন্য হলেও সেখানে খেলতে চাই। প্রথমত, তাদের (ঘরোয়া) মৌসুমটা ছোট, তাই (সেখানে খেললে) আমি তিন মাস ছুটি পাব।

অবসর কখন নেবেন- এ প্রসঙ্গে নেইমার বলেন, বন্ধুদের সঙ্গে মজা করে বলি যে ৩২ বছর বয়সে আমি অবসর নেব। কিন্তু এটা নিছকই একটি রসিকতা। আসলে আমি জানি না।

মানসিক অবস্থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন নেইমার। সবকিছু ঠিকঠাক থাকলে খেলে যেতে চান আরো কয়েকটি বছর। তিনি বলেন, সত্যি বলতে, মানসিকভাবে ক্লান্ত না হওয়া পর্যন্ত আমি খেলা চালিয়ে যাব। যদি আমার মানসিক অবস্থা ঠিক থাকে এবং শারীরিকভাবে মনে করি, এখনো কয়েক বছর খেলতে পারব। কিন্তু আমার মানসিক স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।