হলিউড তারকা, ভিআইপি ও বিখ্যাত ব্যক্তিদের উপস্থিতিতে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র দলের নায়কের ভূমিকায় অবতীর্ণ হন ফোলারিন বালোগুন। ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৪-১ গোলের জয়ে জোড়া গোল করে তিনি দর্শকসারিতে থাকা টম ক্রুজ, ডেভিড বেকহ্যাম, জর্জ লুকাস ও হ্যালি বেরির মতো তারকাদের উচ্ছ্বসিত করে তোলেন।
অফসাইডের কারণে একটি গোল বাতিল হওয়ার পরও বালোগুন খেলা থামাননি। ক্রিশ্চিয়ান পুলিসিচের দারুণ এক ক্রস থেকে বল জালে জড়িয়ে যুক্তরাষ্ট্রের ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক শটে বল জড়ান জালের ওপরের কোণে।
ম্যাচ শেষে বালোগুন বলেন, ‘এটি অসাধারণ একটি মুহূর্ত। অসাধারণ একটি রাত, যার স্বপ্ন আমি বহুদিন ধরে দেখে আসছি। আমি যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম, যার বড় একটি কারণ ছিল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে খেলে সমর্থকদের ভালোবাসার প্রতিদান দেওয়া।‘
বালোগুন আরও বলেন, ‘নিজ দেশের সমর্থকদের সামনে খেলতে পারা আমার কাছে সবকিছু। নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলছি—এটা অবিশ্বাস্য অনুভূতি। আমি খুবই আনন্দিত। চাপ কাটিয়ে এমন জয় পাওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটি অবশ্যই আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।‘
প্যারাগুয়ের বিপক্ষে বালোগুনের জন্য এটি ছিল যেন পুরোনো স্মৃতির পুনরাবৃত্তি। গত নভেম্বরে প্রীতি ম্যাচে প্যারাগুয়েকে ২-১ গোলে হারানোর ম্যাচেও জয়সূচক গোল করেছিলেন তিনি।
তিনি বলেন, ‘এটা যেন ভাগ্যেরই লিখন। আমি এর আগে তাদের বিপক্ষে গোল করেছি। আবারও তাদের বিপক্ষে, আরও বড় মঞ্চে গোল করতে পারাটা স্বপ্নপূরণের মতো।‘
ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাকে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।










