আগামী শুক্রবার শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ‘বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি২০’ (বিপিএল-২০২২) এর অষ্টম আসর। ২১ জানুয়ারি শুরু হয়ে আসরটি শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। কভিড-১৯ মহামারীর কারণে এবারের আসরটি হবে অনেকটাই জৌলুসহীন; যাতে থাকছে না দর্শক আর ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।

মূলত দেশে-বিদেশে কভিডের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ায় জনসমাগম না করার ব্যাপারে সরকারি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সে কারণেই এবারের আসরে কোনো দর্শক মাঠে প্রবেশের অনুমতি পাচ্ছেন না। আর জৈব সুরক্ষা বলয়ে রাখা হবে গোটা স্টেডিয়ামকে।

অন্যদিকে বিপিএলে ডিআরএস সরবরাহ করার কথা ছিল ভারতের প্রতিষ্ঠান হক-আইর। করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। যে কারণে বাংলাদেশে ডিআরএস অপারেটর নিয়োগ দিতে পারছে না প্রতিষ্ঠানটি। এছাড়া বিভিন্ন দেশের আন্তর্জাতিক খেলা থাকায় অপারেটরদের বড় অংশ ব্যস্ত সেগুলো নিয়ে। এর পরও বিসিবি থেকে চেষ্টা করা হচ্ছে, সেটাতেও খুব একটা আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে না।

এবারের বিপিএলে অংশ নিচ্ছে ছয়টি দল: মিনিস্টার গ্রুপ ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সানরাইজার্স। নির্ধারিত সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি ১ কোটি টাকা ও প্লেয়ার্স পেমেন্টের ৪ কোটি টাকা দিতে ব্যর্থ হওয়ায় শেষ মুহূর্তে মালিকানা বাতিল হয় রূপা অ্যান্ড মার্ন গ্রুপ কনসোর্টিয়ামের। ড্রাফটে ঢাকার হয়ে দল গোছায় বিসিবি। অবশেষে এই দলটির মালিকানা পেয়েছে মিনিস্টার গ্রুপ। এই দলটিতে রয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মর্তুজা ও আন্দ্রে রাসেলের মতো তারকা।

বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা দেড়টায় উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় একই মাঠে খেলবে খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা।

এবারের বিপিএলে মোট ৩৪টি ম্যাচ থাকছে, যা অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। শুক্রবার ছাড়া অন্য দিন প্রথম ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায় ও দ্বিতীয় ম্যাচ বিকাল সাড়ে ৫টায়। আর শুক্রবার প্রথম ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়, পরের ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায়।

ঢাকায় থাকছে প্রথম পর্বের আটটি ম্যাচ। এরপর বন্দরনগরী চট্টগ্রামে পাঁচ দিনে হবে আটটি ম্যাচ। দ্বিতীয় পর্বে ঢাকায় দুই দিনে চার ম্যাচ শেষে বিপিএল চলে যাবে সিলেটে। সেখানে ৭ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এরপর শেষবারের মতো ঢাকায় ফিরবে বিপিএল। লিগ পর্বের ম্যাচ শেষে দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচের মাঝে একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। ফাইনাল ১৮ ফেব্রুয়ারি।