বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ কোনো খেলা নেই। এই ছুটির দিনে মানসিক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গেই কাটালেন পয়েন্ট টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্স পরিবার। আজ সকাল ১১টা থেকে ঢাকার অদূরে দক্ষিণ কেরানিগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে অবস্থিত বসুন্ধরা স্পেশাল চাইল্ড স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান রংপুর রাইডার্সের ক্রিকেটার, কোচিং প্যানেল ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা।

 

রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম, উপদেষ্টা মেহেরাব আলম চৌধুরী, স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক, ফিল্ডিং কোচ ফাহিম আলমসহ রাইডার ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান, মুমিনুল হক সৌরভ, ফজলে রাব্বি, শামীম পাটোয়ারী, রিপন মন্ডল, আশিকুর জামান, দক্ষিণ আফ্রিকার তারকা ইমরান তাহির, ডোয়াইন প্রিটোরিয়াস, নিউজিল্যান্ডের কৃতী অলরাউন্ডার জেমস নিশাম, ওয়েস্ট ইন্ডিজের ব্র‍্যান্ডন কিং প্রমুখ।

 

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনায় ভাষা শহীদের স্মরণে গান, রংপুর রাইডার্সের থিম সংয়ে দলীয় নৃত্য এবং ছোট নাটক উপভোগ করে রংপুর রাইডার্স পরিবার।

 

এছাড়া, শিশুদের জন্য প্রতিষ্ঠানটির সেবা ও শিক্ষা পদ্ধতি পর্যবেক্ষণ করেন রাইডাররা। সবশেষে উপস্থিত সবার উদ্দেশে বক্তব্য দেন টিম ডিরেক্টর শানিয়ান তানিম, অধিনায়ক নুরুল হাসান এবং দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির।

 

বিপিএলে সবার আগে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। তারা ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। রোববার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে নুরুল হাসানের দল।