গতকাল সদ্য ভূমিষ্ট হওয়া পুত্র সন্তান হারিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ রাতে অ্যানফিল্ডে খেলতে নামবে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু রোনালদোর পরিবারকে সমর্থন দিয়ে এই ম্যাচ থেকে তাকে ছুটি দিয়েছে ইংলিশ ক্লাবটি। ফলে আজ রাতে লিভারপুলের বিপক্ষে ম্যাচে তাকে দেখতে পাবে না ভক্তরা। ম্যানইউ অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

 

বিবৃতিতে ক্লাবটি বলেছে, একজন মানুষের কাছে পরিবারই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর রোনালদো এই কঠিন সময়ে তার পরিবারকে সময় দিচ্ছেন, ভালোবাসার মানুষদের মানসিক সমর্থন যোগাচ্ছেন। এর ফলে আমরা নিশ্চিত করছি যে, আজ লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডের ম্যাচে তিনি আমাদের হয়ে খেলছেন না। তার ও তার পরিবারের কিছু সময় একান্তে থাকার অনুরোধকে আমরা সম্মান জানাচ্ছি।

 

ইংলিশ প্রিমিয়ার লিগের এ ম্যাচটি শুরু হবে রাত ১টায়। 


গতকাল একটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম দেন রোনালদোর বান্ধাবী জর্জিনা রদ্রিগেজ। কিন্তু দুই সন্তানের মধ্যে শিশুপুত্রটি মারা গেছে।

 

ইনস্টাগ্রামে এক স্ট্যাটাসে রোনালদো লিখেছেন, অনেক কষ্ট নিয়ে জানাচ্ছি যে, আমাদের ছেলে শিশুটি মারা গেছে। যেকোনো বাবা-মায়ের জন্যই এটা সবচেয়ে কষ্টকর। মেয়ে শিশুটি জন্ম নেয়ায় এই কষ্টের মুহূর্তে খানিকটা আশা নিয়ে লড়াই করতে পারছি। চিকিত্সক এবং সেবিকাদের যথাসাধ্য চেষ্টার জন্য ধন্যবাদ জানাই। এই অপূরণীয় ক্ষতিতে আমরা বিধ্বস্ত হয়ে পড়েছি এবং কঠিন সময় কাটিয়ে উঠতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি সবার কাছে। আমাদের ছেলে শিশু, তুমি আমাদের দেবদূত। আমরা সব সময় তোমাকে ভালোবাসব।

 

২০১০ সালে সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়রের বাবা হন রোনালদো। সারোগেসির মাধ্যমে ২০১৭ সালে যমজ সন্তান মাতেও ও ইভার জন্ম হয়। একই বছর জর্জিনার কোলজুড়ে আসে রোনালদোর চতুর্থ সন্তান কন্যা অ্যালাইনা মার্তিন। এবারের দুই সন্তানসহ সবমিলিয়ে এখন ছয় সন্তানের বাবা পর্তুগিজ সুপারস্টার।