চট্টগ্রামে সোমবার সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে লিটন কুমার দাসের জায়গায় বাংলাদেশের ১৫ জনের স্কোয়াডে ডাক পেলেন টি২০ সিরিজে আলো ছড়ানো জাকের আলী অনিক। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

লিটন শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চারবার শূন্য রানে আউট হয়েছেন এই ডানহাতি ব্যাটার। সর্বোচ্চ পাঁচবারে শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটা রুবেল হোসেনের।

 

লিটনের মতো জাকের আলীও একজন উইকেটকিপার ও ব্যাটার। তিনি বর্তমানে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলছিলেন।

 

লিটনের জায়গায় অনিকের দলভুক্তি নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘সিরিজ যেহেতু এখন সমতায় রয়েছে, কাজেই আমরা মনে করি অনিকের অন্তর্ভুক্তি দলে ভারসাম্য আনবে ও একাদশ তৈরিতে আমাদের বিকল্প বাড়বে। সাদা বলে লিটনের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিয়েই আমরা এই পরিবর্তন আনছি। আর দলে আরো দুজন সামর্থ্যবান ওপেনার থাকার বিষয়টিও আমাদের মাথায় রয়েছে।’  

 

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও জাকের আলী অনিক।