মাসব্যাপী বিপিএল ক্রিকেট উৎসবের সমাপ্তি ঘটছে। বাংলাদেশ
প্রিমিয়ার লিগ (বিপিএল) ফাইনালে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। কুমিল্লা আগের আট আসরের মধ্যে
তিনবার শিরোপা জিতেছে, আর সিলেট কখনো পায়নি শিরোপার স্বাদ। কাল কি কুমিল্লার চতুর্থ, নাকি সিলেটের প্রথম শিরোপা
উৎসব?
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু
হবে নবম বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচ।
গত ৬ জানুয়ারি সাত দল নিয়ে শুরু হয়
নবম বিপিএল আসর। রাউন্ড রবিন লিগে একে অপরের বিপক্ষে দুবার করে খেলেছে দলগুলো।
রাউন্ড রবিন লিগ থেকে বিদায় নেয় খুলনা টাইগার্স, ঢাকা ডমিনেটর্স ও চট্টগ্রাম
চ্যালেঞ্জার্স। টেবিলের এক ও দুই নম্বর দল হিসেবে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা
ভিক্টোরিয়ান্স। তাতে সিলেটকে গুঁড়িয়ে ফাইনালে উঠে যায় কুমিল্লা। আর এলিমিনেটর
ম্যাচে ফরচুন বরিশালকে হারানো রংপুরের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে লড়াই হয়
সিলেটের। মঙ্গলবারের ওই ম্যাচে রংপুরকে হারিয়ে ফাইনালের টিকিট পায় সিলেট।
রাউন্ড রবিন লিগে সিলেট ও কুমিল্লা
একে অপরকে একবার করে হারায়। তবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লার কাছে হেরে যায়
সিলেট। মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিমদের জন্য তাই প্রতিশোধ মিশনও।
বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি।
আগের আট আসরের মধ্যে অধিনায়ক হিসেবে তার হাতে উঠেছে চারটি শিরোপা। অন্যদিকে, ইমরুল
অধিনায়ক হিসেবে কুমিল্লাকে জিতিয়েছেন দুটি শিরোপা। আগামীকাল কি মাশরাফির পঞ্চম, নাকি
ইমরুলের তৃতীয়?
২০১৫ সালে মাশরাফির
নেতৃত্বেই বিপিএল জিতেছেন ইমরুল। মাশরাফির প্রতি শ্রদ্ধা রেখেই আজ সংবাদ
সম্মেলনে তিনি বলেছেন, ‘মাশরাফি ভাই যে দলেই খেলুক না কেন, এই জিনিসটা খুব
ভালোভাবে নিয়ন্ত্রণ করেন। দলের সবাইকে নিয়ে থাকেন, দলের সবার
বন্ধনটা ভালো রাখেন। আমরাও চেষ্টা করি আমাদের দলের পরিবেশ ভালো রাখার। এটাই উনার
হয়তো ম্যাজিক বলা যায়।’
ফাইনাল সামনে রেখে আজ ঢাকার দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনে
ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস ও সিলেটের প্রতিনিধি
মুশফিকুর রহিম।










