প্রথম ম্যাচে হেরেও দারুণভাবে ঘুরে দাঁড়াল পাকিস্তান। টানা দুই জয়ে তিন
ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিল বাবর আজমের দল। লাহোরে আজ তৃতীয় ও শেষ ম্যাচে
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
এদিন দারুণ বোলিং সফলতা দেখায় পাকিস্তান। মোহাম্মদ ওয়াসিম (৩/৪০), হারিস রউফ (৩/৩৯) ও শাহিন শাহ আফ্রিদি (২/৪০) অস্ট্রেলিয়াকে ৪১.৫ ওভারের
মধ্যে ২১০ রানে অলআউট করেন। অ্যালেক্স ক্যারি ৫৬ ও শন অ্যাবট ৪৯ রান করেন।
বোলারদের গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে পাকিস্তানকে জিতিয়েছেন ব্যাটাররা।
টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন বাবর আজম। ১১৫ বলে ১০৫ রানে অপরজিত থেকে দলকে
জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ইমাম-উল-হকের ব্যাট থেকে এসেছে ১০০ বলে ৮৯
রান। দলীয় ২৪ রানের মাথায় ওপেনার ফখর জামানের বিদায় হয়। এরপর আর কোনো উইকেটের পতন
ঘটেনি পাকিস্তানের। দ্বিতীয় উইকেট জুটিতে ২০৫ বলে ১৯০ রানের অনবদ্য জুটি গড়ে
পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন ইমাম ও বাবর। ৭৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে
পাকিস্তান।
আজ ১৬তম ওয়ানডে সেঞ্চুরি পাওয়া পাকিস্তান অধিনায়ক বাবর আজম ম্যাচসেরা ও
সিরিজসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। এছাড়া তিনি প্রথম ওয়ানডেতে ৫৭ ও দ্বিতীয়
ওয়ানডে ম্যাচে ১১৪ রান করেন।
এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় অস্ট্রেলিয়া।
মঙ্গলবার লাহোরে একমাত্র টি২০ ম্যাচে লড়বে দুই দল।










