কাই হ্যাভার্টস ও ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। মঙ্গলবার দিবাগত রাতে স্টামফোর্ড ব্রিজে শেষ ষোলোর প্রথম লেগে ফরাসি ক্লাবটিকে ২-০ গোলে হারায় ইংলিশ ক্লাবটি। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে এটা চেলসির টানা পঞ্চম জয় এবং এবারো তারা কোনো গোল হজম করেনি।
এ জয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকলো ব্লুজরা। আরেক ম্যাচে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে সিরি-আ ক্লাব জুভেন্টাসের বিপক্ষে।
নিজেদের মাঠে শুরু থেকেই সুযোগ তৈরি করে চলছিল চেলসি। শুরুতেই দুইটি সুযোগ মিস করেন রোমেলু লুকাকুর পরিবর্তে একাদশে আসা হাভার্টজ। তবে ৮ মিনিটের মাথায় পাওয়া সুযোগটি আর মিস করেননি। এ সময় কর্নার পায় চেলসি। কর্নার থেকে আসা বল হাকিম জিয়েচ বক্সের মধ্যে পাঠান। সেখানে ছিলেন হ্যাভার্টস। তিনি হেডে বল জালে পাঠান।
৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পুলিসিচ। এ সময় মাঝ মাঠে বল দখলে নেন এনগলো কন্তে। তিনি বল নিয়ে সামনে এগিয়ে যান। এরপর বাড়িয়ে দেন পুলিসিচকে। তিনি লিলের গোলরক্ষক লিও জার্দিমকে বোকা বানিয়ে বল জালে জড়ান। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে এগিয়ে থেকে মাঠ ছাড়ে টমাস টুখোলের শিষ্যরা।










