ওপেনার তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে
৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম
চ্যালেঞ্জার্সের বিপক্ষে এ কীর্তিতে নাম লেখান সাকিব। ৪২২টি ম্যাচ খেলে ৭ হাজার রানের
মাইলফলক স্পর্শ করেন তিনি।
৮ রান দূরে থেকে চট্টগ্রামের বিপক্ষে মাঠে নেমেছিলেন। ঝড়ো ইনিংসে
তার ব্যাট থেকে আসে ১৬ বলে ২৭ রান। চোখের সমস্যায় সংগ্রাম করা সাকিব শেষ দুই ম্যাচে
রানের দেখা পেয়েছেন। না হয় আরো আগেই এ কীর্তিতে নাম লেখাতে পারতেন।
৪২২ ম্যাচে সাকিবের মোট রান ৭ হাজার ১৯। গড় ২১ দশমিক ২৫। স্ট্রাইক রেট ১২৪ দশমিক ৩০। ২৯টি ফিফটি, তবে নেই কোনো সেঞ্চুরি। এ রান করতে সাকিব ৫ হাজার ৬৪১টি বল খেলেছেন। চার মেরেছেন ৬৪৬ টি ও ছয় ১৯৭টি।
সাকিবের আগে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের কীর্তি আছে তামিম ইকবালের।
২৫৫ ম্যাচে তামিমের রান ৭ হাজার ৩৮৬। ৪৬টি ফিফটি ও ৪টি সেঞ্চুরিতে ৩১ দশমিক ৯৭ গড়ে
এ রান করেন তিনি। ২৫৫ ম্যাচে ৭৩৮৬ রান রয়েছে তামিমের।
তামিম-সাকিবের পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৫৬১৯ রান করেছেন মুশফিকুর রহিম। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে- মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাস। মাহমুদুল্লাহ ৫৫৭৬ ও লিটন ৪২৭৩ রান করেছেন।










