চলতি বিপিএলে আগেই প্লে-অফে খেলা নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানস। গতকাল চতুর্থ ও সর্বশেষ দল হিসেবে প্লে-অফের টিকিট কাটে রংপুর রাইডার্স।

ডেভিড মালান ও তাওহীদ হৃদয়ের ফিফটিতে ভর করে ঢাকা ক্যাপিটালসকে ১৮২ রানের টার্গেট দেয় রংপুর। মালান ৪৯ বলে ৭৮ ও তাওহীদ ৪৬ বলে ৬২ রান করেন। জবাব দিতে নেমে ঢাকা ৭ উইকেটে ১৭০ রান তুলতে সমর্থ হয়। ১১ রানের এ হারে বিদায় ঘটে মোহাম্মদ মিঠুনদের। তাদের একটি ম্যাচ এখনো বাকি।

ওপেনিং জুটিতে মালান ও তাওহীদ ১৪.১ ওভারে তুলে দেন ১২৬ রান। ৮ চার ও ৪ ছক্কায় ৭৮ রান করে তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে যান ইংলিশ ব্যাটার মালান। দলের রান দেড়শ পেরোনোর পর মারুফ মৃধার শিকার হয়ে ফেরেন তাওহীদ। তিনি চলতি বিপিএলে নিজের তৃতীয় ফিফটি করার পথে ৫ বাউন্ডারি ও ৪ ছক্কা মারেন। এরপর কাইল মায়ার্সের ব্যাটে (১৬ বলে ২৪ রান) ১৮১ রানের বড় পুঁজি পায় রংপুর।

ঢাকার মোহাম্মদ সাইফউদ্দিন ৩৩ রানে ২টি উইকেট নেন। এরপর ব্যাট হাতেও লড়াই করেন সাইফউদ্দিন। ৩০ বলে ৫ ছক্কা ও ৩ বাউন্ডারির সাহায্যে ৫৮ রানে অপরাজিত থাকেন তিনি। যদিও দলের হারে ও বিপিএল থেকে বিদায়ে বিফলেই যায় তার এ বীরত্বপূর্ণ ইনিংসটি।

৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রংপুর, ঢাকা সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে। ঢাকা কিংবা নোয়াখালীর পক্ষে আর রংপুরকে ধরা সম্ভব নয়।

এর আগে শুক্রবার রাতে সপ্তম জয়ে ১৪ পয়েন্ট তুলে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করেছে নাজমুল হোসেনের রাজশাহী। চট্টগ্রাম বাদে আর কোনো দলের এই পরিমাণ পয়েন্ট তোলার সুযোগ নেই।

অন্যদিকে সিলেটের এলিমিনেটর ম্যাচে খেলাও নিশ্চিত হয় শুক্রবার। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে সিলেট। লিগ পর্বের বাকি ম্যাচগুলোর ফল যেমনই হোক, সিলেট তৃতীয় বা চতুর্থ স্থানেই থাকবে। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে চট্টগ্রাম।

গতকাল রাতের ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ও চট্টগ্রাম। আজ রাউন্ড রবিন লিগের শেষ দুটি ম্যাচ। দুপুরে রংপুরের মুখোমুখি হবে নোয়াখালী, সন্ধ্যায় চট্টগ্রামের বিপক্ষে খেলবে ঢাকা।

মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ, বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার এবং শুক্রবার ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ১২তম বিপিএল আসর।