বিতর্কিত এক স্পন্সর চুক্তির কারণে প্রচণ্ড চাপের মুখে থাকলেও শেষ পর্যন্ত সাকিব আল হাসানই হলেন টি২০ দলের অধিনায়ক। আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপ পর্যন্ত টি২০ দলের অধিনায়ক করা হয়েছে সাকিবকে। আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা বৈঠকে বসেন সাকিবের সঙ্গে। বৈঠক শেষে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস একথা জানান।
চলতি মাসে অনুষ্ঠেয় এশিয়া কাপ, এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপ পর্যন্ত সাকিবের কাঁধে থাকবে এ সংস্করণের নেতৃত্বভার।
বেটউইনার বিতর্কের পর গতকাল শুক্রবার রাতে দেশে ফিরে আজ দুপুরে গুলশানে নাজমুল হাসানের বাসভবনে বৈঠকে বসেন সাকিব। তাদের বৈঠকে উপস্থিত ছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এবং দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।
সাকিবের নেতৃত্বে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি।
সংযুক্ত আরব আমিরাতে এ মাসের শেষে শুরু হবে এশিয়া। টি২০ বিশ্বকাপ সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে টি২০ সংস্করণে।
এশিয়া কাপে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।










