গত ২ জানুয়ারি প্রায় ৬০ হাজার ক্রীড়াবিদ, কোচ, টেকনিক্যাল অফিশিয়াল ও ক্রীড়া সংগঠকের অংশগ্রহণে শুরু হওয়া শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের সমাপ্তি হলো। গতকাল ট্র্যাক অ্যান্ড ফিল্ডের গতির ঝলক, আতশবাজির রোশনাই ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে চোখ ধাঁধানো সমাপনীতে পর্দা নামল যুব গেমসের।
গত ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন। চূড়ান্ত পর্বে চার হাজার অ্যাথলেটের অংশগ্রহণে সাতদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে ছিল উৎসবের আবহ। সেই উৎসবের সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এ সময় বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বিওএর অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ফেডারেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আটটি বিভাগের খেলোয়াড়দের নিয়ে ২৪টি ডিসিপ্লিনে অনুষ্ঠিত গেমসে সেরা হয়েছে চট্টগ্রাম বিভাগ। ৪৯টি স্বর্ণ, ৪০টি রৌপ্য এবং ৫৭টি ব্রোঞ্জসহ মোট ১৪৬টি পদক নিয়ে শীর্ষে চট্টগ্রামের তরুণ-তরুণীরা। দ্বিতীয় ঢাকা বিভাগ ৪৬টি স্বর্ণ, ৩৯টি রৌপ্য, ৬১টি ব্রোঞ্জসহ মোট ১৪৬টি পদক জিতেছে। ৪২টি স্বর্ণ, ৪৩টি রৌপ্য এবং ৫৯টি ব্রোঞ্জসহ মোট ১৪৪টি পদক নিয়ে তৃতীয় খুলনা বিভাগ। যুব গেমসের সেরা চট্টগ্রাম ও দ্বিতীয় ঢাকা বিভাগের হাতে ট্রফি তুলে দেন বিওএ সভাপতি।
এদিকে, গেমসের ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম তরুণ ও তরুণীর খেতাব জিতে নিয়েছেন খুলনা বিভাগের নাইম শেখ এবং রংপুর বিভাগের আইরিন আক্তার। গতকাল নাইম শেখ ১০.৮০ সেকেন্ডে স্বর্ণপদক জিতে নেন। ১২.২০ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম তরুণীর খেতাব জিতেছেন আইরিন আক্তার।










