চলতি বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব গতকাল নেপালে শুরু হয়েছে। প্রথম দিন মাঠে নেমেই জয় তুলে নিয়েছে বাংলাদেশের নারীরা। যুক্তরাষ্ট্রকে ১৮ রানে হারায় নিগার সুলতানার দল। আগামীকাল নিজেদের পরের ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ।
মুলপানি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। শারমিন আক্তার সুপ্তা ৩৯ বলে ৬৩ রান করেন ৮ বাউন্ডারি ও ১ ছক্কায়। সোবহানা মোস্তারি করেন ২৯ বলে ৩২ রান। যুক্তরাষ্ট্রের মাহি মাধবন ২৩ রানে ৩টি ও ইসানি বাঘেলা ২৭ রানে ২টি উইকেট নেন। জবাব দিতে নেমে ৯ উইকেটে ১৩৭ রান তুলতে সমর্থ হয় যুক্তরাষ্ট্র। স্পিনে ঘায়েল হয় যুক্তরাষ্ট্রের মেয়েরা। নাহিদা আক্তার ২৪ রানে ৪টি, রিতু মনি ২৪ রানে ৩টি ও রাবেয়া খান ৩৪ রানে ২টি উইকেট নেন।
বাছাই পর্বে ১০ দল দুই গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড ও নামিবিয়া এবং ‘বি’ গ্রুপে থাইল্যান্ড, নেদারল্যান্ডস, নেপাল, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি গ্রুপের শীর্ষ তিনটি করে দল উঠবে সুপার সিক্সে। সেখান থেকে সেরা চারটি দল পাবে বিশ্বকাপের টিকিট।
২০২৬ সালের টি-টোয়েন্টি বসবে ইংল্যান্ড ও ওয়েলসে। ৮টি দল এরই মধ্যে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। বাকি ৪টি দল আসবে বাছাই পর্ব খেলে।









