২১ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। এরই মধ্যে খেলোয়াড় ড্রাফট সম্পন্ন হয়েছে। এবার পাঁচ ফ্র্যাঞ্চাইজির মালিকানা ঠিক হলেও ঢাকার মালিকানা নিয়ে রয়েছে ধোঁয়াশা। রূপা ফেব্রিকস ও মার্ন স্টিল লিমিটেড শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় শেষ মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই এ ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে।

বিপিএলে এখন পর্যন্ত ৩১ জন বিদেশীকে টেনেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সর্বোচ্চ নয়জন করে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার। এছাড়া আফগানিস্তানের ছয়, ইংল্যান্ডের তিনজন, দক্ষিণ আফ্রিকার দুজন, সংযুক্ত আরব আমিরাত ও জিম্বাবুয়ের একজন করে ক্রিকেটার বিপিএলে দল পেয়েছেন।

এবার বিভিন্ন ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক বেঁধে দিয়েছিল বিসিবি। প্লেয়ার ড্রাফট শেষে সবচেয়ে বেশি খরুচে বরিশাল ফরচুন। দেশী-বিদেশী মিলিয়ে ১৫ জন ক্রিকেটার দলে ভিড়িয়েছে বরিশাল। খেলোয়াড় কিনতে তারা খরচ করেছে ৪ কোটি ২৮ লাখ টাকা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৫ ক্রিকেটারকে দলভুক্ত করতে ৪ কোটি ২৭ লাখ টাকা খরচ করেছে। বিসিবির অধীনে থাকা দল ঢাকা ১৩ ক্রিকেটারের পেছনে খরচ করেছে ৪ কোটি ১ লাখ টাকা। যে দলকে অন্যদের চেয়ে দুর্বল ভাবা হচ্ছে, সেই সিলেট ১৬ ক্রিকেটার দলে টানতে খরচ করেছে ৩ কোটি ৫০ লাখ টাকা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিভিন্ন ক্যাটাগরি থেকে দলে নিয়েছে ১২ জন ক্রিকেটার। যেখানে দলটির খরচ হয়েছে ৩ কোটি ৬ লাখ টাকা। এছাড়া খুলনা টাইগার্স ড্রাফটে সর্বনিম্ন ২ কোটি ৮২ লাখ টাকা খরচ করে খেলোয়াড় কিনেছে ১১ জন।

দেশী ক্রিকেটাররা ‘এ’ ক্যাটাগরিতে ৭০ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৩৫ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ২৫ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ১৮ লাখ, ‘ই’ ক্যাটাগরিতে ১২ লাখ ও ‘এফ’ ক্যাটাগরিতে ৬ লাখ টাকা পাবেন। আর বিদেশীরা ‘এ’ ক্যাটাগরিতে ৭০ হাজার, ‘বি’ ক্যাটাগরিতে ৫০ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ৪০ হাজার, ‘ডি’ ক্যাটাগরিতে ৩০ হাজার ও ‘ই’ ক্যাটাগরিতে ২০ হাজার ডলার পাবেন। 

দেখে নেয়া যাক কে কোন দলে

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস, শহীদুল ইসলাম, ইমরুল কায়েস, তানবীর ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মোমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান। বিদেশী: কুশল মেন্ডিস, মঈন আলী, ফাফ ডু প্লেসিস, সুনিল নারাইন, ওশানে থমাস।

ঢাকা: মাহমুদউল্লাহ, তামিম, রুবেল, মাশরাফি, শুভাগত হোম, নাঈম, আরাফাত সানী, ইমরানুজ্জামান, শাফিউল, জহুরুল, শামসুর রহমান শুভ, এবাদত হোসেন, ফজল হক। বিদেশী: নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ শেহজাদ, কাইস আহমেদ, ফজল হক, ইসুরু উদানা।

সিলেট সানরাইজার্স: মোসাদ্দেক, মোহাম্মদ মিঠুন, আল-আমিন, নামজুল ইসলাম, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন, শফিউল হায়াত, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ। বিদেশী: রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা, সিরাজ আহমেদ, দিনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন ইনগ্রাম।

খুলনা টাইগার্স: মুশফিকুর , মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম, ইয়াসির আলী, ফরহাদ রেজা, রনি তালুকদার, খালেদ আহমেদ, জাকের আলী, নাবিল সামাদ। বিদেশী: সেকুগে প্রসন্ন, সিকান্দার রাজা, থিসারা পেরেরা, নাভিন উল হক, ভানুকা রাজাপাকসে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন, মুকিদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, নাঈম ইসলাম, নাসুম আহমেদ। বিদেশী: চ্যাডউইক ওয়ালটন, রায়াদ এমরিট, কেনার লুইস, বেনি হাওয়েল।

ফরচুন বরিশাল: সাকিব আল হাসান, নুরুল হাসান, ক্রিস গেইল, নামজুল হোসেন, মেহেদী হাসান রানা, ফজলে রাব্বি, তৌহিদ হূদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন, ইরফান শুক্কুর, সারোয়ার হোসেন। বিদেশী: ক্রিস গেইল, ম্যাককয়, জোসেফ, নিরোশান ডিকভেলা, মুজিব উর রহমান, দানুশকা গুনাথিলাকা।